১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজশাহী সিটি নির্বাচন: লিটনের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন

মেয়রের পক্ষে দলীয় মনোনয়ন ফরম তোলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতারা।

রাজশাহী সিটি নির্বাচন: লিটনের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে সোমবার সকালে এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা দলীয় মনোনয়ন ফরম  তোলেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2023, 06:48 PM

Updated : 10 Apr 2023, 07:01 PM

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য বর্তমান মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে তার পক্ষে দলীয় মনোনয়ন ফরম তোলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

এ সময় রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার ও আইন বিষয়ক সম্পাদক মুসাব্বিরুল ইসলাম, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিন উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর মোহাম্মদ আলী কামাল বলেন, বুধবার (১২ এপ্রিল) মনোনয়ন ফরম পূরণ করে জমা দেওয়া হবে। এরপর রাজশাহী ফিরে তারা নির্বাচনের বাকি প্রস্তুতি শুরু করবেন। প্রার্থীর ব্যাপারে পরে মনোনয়ন বোর্ড থেকেই পরবর্তী সিদ্ধান্তের কথা জানানো হবে।

চতুর্থবারের মতো রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী হতে যাচ্ছেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

রোববার দুপুরে সংসদ ভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হবেন বলে জানান।

গত ৩ এপ্রিল পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আগামী ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে, বাছাই ২৫ মে; ১ জুনের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২১ জুন ভোট গ্রহণ হবে।

স্বাধীনতাত্তোর বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ এম কামারুজ্জামানের ছেলে খায়রুজ্জামান লিটন ২০০৮ সালে প্রথমবার রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। ২০১৩ সালের নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের কাছে পরাজিত হন। ২০১৮ সালের নির্বাচনে দ্বিতীয়বার মেয়র পদে নির্বাচিত হন আওয়ামী লীগের এই নেতা।

লিটন দীর্ঘদিন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের ১৯ নভেম্বর তিনি আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য হন। গত বছরের ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিলে পুনরায় সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হন।

আরও পড়ুন

পুরানো খবর:

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর মেয়র লিটন বললেন, ‘নির্বাচন করছি’