১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গুলশানে ‘জয় বাংলা’ স্লোগান-মিছিল: ওসির পর সরানো হল পুলিশের ডিসিকে

দুটি আদেশই অবিলম্বে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 08:14 PM

Updated : 16 Sep 2026, 08:14 PM

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জয় বাংলা স্লোগানে ঝটিকা মিছিলের ঘটনার পর এবার পুলিশের ওই জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে সরানো হয়েছে।

বুধবার এক আদেশে তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এর আগে একই দিন পৃথক আদেশে গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে যুক্ত করা হয়।

ডিএমপি কমিশনারের কার্যালয়ের পৃথক অফিস আদেশে তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়। দুটি আদেশই অবিলম্বে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।

গত ১১ সেপ্টেম্বরের ওই মিছিলের পাঁচ দিন পর ওসি দাউদকে প্রত্যাহারের কয়েক ঘণ্টার মধ্যেই গুলশান বিভাগের ডিসি এম তানভীর আহমেদকে সদরদপ্তরে সংযুক্ত করার আদেশ আসে।

তানভীরকে বদলির আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে তাকে ডিএমপির সদরদপ্তরে যুক্ত করা হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করেন। ওই সময় হাতবোমা বিস্ফোরণ এবং পুলিশের রাবার বুলেট ছোড়ার ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সেদিন বেলা পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে প্রায় ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা পুলিশের দিকে ককটেল ছোড়েন।

পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধারের কথা জানায় পুলিশ।

এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। মামলায় ১১৮ জনের নাম দিয়ে এবং অজ্ঞাত আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ওই মামলায় ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ২৪ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।