শরণার্থী শিবির ব্যবস্থাপনায় মার্কিন প্রতিনিধি দলের সন্তোষ, বাংলাদেশকে ধন্যবাদ
রোহিঙ্গাদের জন্য বিশ্ব খাদ্য সংস্থার খাদ্য সহায়তা কমিয়ে দেওয়ার বিষয়টি মার্কিন প্রতিনিধি দলকে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরের ব্যবস্থাপনার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার নেতৃত্বাধীন ১০ সদস্যের প্রতিনিধি দল।
বুধবার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান।
সন্ধ্যায় কক্সবাজারে কর্মরত আন্তর্জাতিক সংস্থা, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা।
বৈঠক শেষে মিজানুর রহমান বলেন, “ রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ অংশীদার। ২০১৭ সাল থেকে কক্সবাজারে আন্তর্জাতিক, দেশি-বিদেশি যে সব সংস্থা কাজ করছে, তার অনেকগুলোই যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা পায়। বিশেষ করে বিশ্ব খাদ্য সংস্থা যে খাদ্য সরবরাহ করে তাতে দেশটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠকে এসব বিষয় উপস্থাপন করা হয়েছে।”
রোহিঙ্গাদের জন্য বিশ্ব খাদ্য সংস্থার খাদ্য সহায়তা কমিয়ে দেওয়ার বিষয়টি প্রতিনিধি দলকে জানানো হয়েছে উল্লেখ করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলেন, “এ পর্যন্ত দুইবার রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমানো হয়েছে। প্রথমে ১২ ডলার থেকে ১০ ডলার করা হয় এরপর গত ১ জুন থেকে তা আরো কমিয়ে ৮ ডলার করা হয়েছে। বিষয়টি জানার পর প্রতিনিধি দল সাহায্য ঘোষণার আশ্বাস দিয়েছে।”
উজমা জেয়ার নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে গিয়ে সার্বিক পরিস্থিতি দেখেছেন বলে জানান মিজানুর রহমান।
তিনি বলেন, “রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন সেন্টার, পুষ্টি কেন্দ্র, খাদ্য বিতরণ কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করে, রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে, ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা দেখে তারা সন্তোষ প্রকাশ করেছেন। এসবের জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদও জ্ঞাপন করেছেন দলটির সদস্যরা।”
বৃহস্পতিবার ঢাকায় প্রধানমন্ত্রীসহ সরকারের উর্ধ্বতন মহলের সঙ্গে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলেও জানান এই কর্মকর্তা।
দিনভর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৬ টায় প্রতিনিধি দলটি কক্সবাজার থেকে ঢাকায় ফিরে যায়।
আজরা জেয়া ছাড়াও মার্কিন এ প্রতিনিধি দলটিতে রয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডনাল্ড লু, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, দক্ষিণ এশিয়ায় শরণার্থী বিষয়ক সমন্বয়কারী ম্যাককেঞ্জি রোয়েসহ ১০ জন।
