১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় আজরা জেয়া, দ্রুত মিয়ানমারে ফেরার ব্যবস্থা নেওয়ার দাবি রোহিঙ্গাদের

মার্কিন প্রতিনিধি দলকে রোহিঙ্গারা বলেছেন, ক্যাম্পে আশ্রিত জীবন মানেই বন্দি জীবন, তারা এই জীবন চান না।

উখিয়ায় আজরা জেয়া, দ্রুত মিয়ানমারে ফেরার ব্যবস্থা নেওয়ার দাবি রোহিঙ্গাদের

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2023, 06:01 PM

Updated : 13 Jul 2023, 02:15 PM

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার কাছে দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থীরা।

আজরা জেয়ার নেতৃত্বে বাংলাদেশ সফররত মার্কিন প্রতিনিধি দলটি বুধবার কক্সবাজারের উখিয়ার কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে। এসময় তাদের কাছে নিজের দেশে ফেরার দাবি জানান রোহিঙ্গারা।

প্রতিনিধি দলের সঙ্গে আলাপকালে রোহিঙ্গারা বলেছেন, ক্যাম্পে আশ্রিত জীবন মানেই বন্দি জীবন। তারা এই জীবন চান না। দ্রুত মিয়ানমারে ফেরার ব্যবস্থা করতে দেশটির সরকারকে চাপ প্রয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখতেও অনুরোধ জানান তারা।

রোহিঙ্গাদের সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসও মার্কিন এই প্রতিনিধি দলটির কাছে প্রত্যাবাসনের দাবি জানায়।

সকালে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি কক্সবাজার পৌঁছে। সকাল ১০টা ৫০ মিনিটে প্রতিনিধি দলের সদস্যরা উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর পরিচালিত রোহিঙ্গা রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন। সেখান থেকে হেঁটে একে একে পুষ্টি কেন্দ্র ও ডব্লিউএফপি পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন তারা।

এরপর ১১ নম্বর ক্যাম্পের কমিউনিটি সেন্টারে গিয়ে একদল রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে বৈঠক করেন। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে ঘণ্টাব্যাপী এই বৈঠকে ১০ নারী ও ১০ জন পুরুষ রোহিঙ্গা নাগরিক অংশ নেন।


বৈঠকে কী বিষয়ে আলাপ হয়েছে জানতে চাইলে ১১ নম্বর ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ইসমাইল জানান, প্রতিনিধি দলটি ক্যাম্পের শিক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চেয়েছে।

জবাবে রোহিঙ্গারা বলেছেন, ক্যাম্পে শিক্ষার সুযোগ কম। অল্প লেখাপড়ার সুযোগ থাকলেও উচ্চ শিক্ষার সুযোগ নেই। নিরাপত্তা ব্যবস্থাও পর্যাপ্ত নয়।


মো. ইউসুফ নামের আরেক রোহিঙ্গা নাগরিক জানান, মার্কিন প্রতিনিধিরা প্রত্যাবাসনের বিষয়ে রোহিঙ্গাদের মতামত জানতে চেয়েছে। রোহিঙ্গারা ক্যাম্পের আশ্রিত জীবনকে বন্দি জীবন উল্লেখ করে দ্রুত নিজের দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।

আলাপকালে রোহিঙ্গারা তাদের নানা দাবি-দাওয়া তুলে ধরেন এবং এর পরিপ্রেক্ষিতে প্রতিনিধি দলের সদস্যরা সেসব সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানান ছৈয়দ নুর নামের আরেক রোহিঙ্গা।

প্রতিনিধি দলটি যখন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছিলেন, তখন তাদের পিছু নেন রোহিঙ্গাদের সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জোবায়েরের নেতৃত্বে একদল রোহিঙ্গা। দীর্ঘ সময় পর তারা আজরা জেয়াকে একটি চিঠি দেওয়ার সুযোগ পান।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ জোবায়ের বলেন, তারা নিহত মাস্টার মুহিবুল্লাহর সংগঠনের সদস্য এই পরিচয় দেওয়ার পরই কথা বলেন আজরা জেয়া। এসময় তার হাতে একটি চিঠি দেওয়া হয়। চিঠিতে রোহিঙ্গাদের নানা দাবি-দাওয়া তুলে ধরা হয়। এছাড়া আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি দাবি জানানো হয়।

প্রতিনিধিদলটির বিকালে কক্সবাজারে কর্মরত আন্তর্জাতিক সংস্থা, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

প্রতিনিধি দলে আজরা জেয়া ছাড়াও যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডনাল্ড লু, ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, দক্ষিণ এশিয়ায় শরণার্থী বিষয়ক সমন্বয়কারী ম্যাককেঞ্জি রোয়েসহ ১০ সদস্য রয়েছেন।