শোকজ-পাল্টা শোকজের মধ্যে এমপির অনুসারীদের বিরুদ্ধে মামলা
বিচারক অভিযোগ আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দিয়েছে বলে জানান বরিশাল আদালতের বেঞ্চ সহকারী।
বরিশালের বানারীপাড়া উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে শোকজ-পাল্টা শোকজের মধ্যে পাঁচ নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির মামলা হয়েছে।
বরিশাল বিচারিক হাকিম আদালতে বুধবার মামলাটি করেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য উত্তম কুমার দাস।
বিচারক সুমাইয়া রিজভী মৌরি অভিযোগ আমলে নিয়ে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দিয়েছেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী মো. মোস্তাফিজুর রহমান।
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বৈঠাকাটা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক উত্তম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারী হিসেবে পরিচিত।
মামলায় বিবাদী করা হয়েছে- বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুণ্ডু, সহসভাপতি মোস্তফা সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, মামুনুর রশিদ স্বপন এবং যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।
তারা সবাই বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য মো. শাহে আলমের অনুসারী হিসেবে পরিচিত।
৩ অক্টোবর ১৭টি অভিযোগ এনে সংসদ সদস্য শাহে আলমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে সংসদ সদস্যের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়ায় মঙ্গলবার দুই নেতাকে শোকজ পাঠান বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।
সংসদ সদস্যেকে শোকজ করার পর ‘এমপি শাহে আলমের বিরুদ্ধে প্রকাশিত ভুয়া সংবাদের নিন্দা ও প্রতিবাদ’ শিরোনামে উপজেলা আওয়ামী লীগের একটি অংশের নেতারা গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠান।
তাতে উত্তম কুমার দাসেরও স্বাক্ষর রয়েছে। কিন্তু তিনি মামলায় দাবি করেছেন, তিনিসহ মোট পাঁচ নেতা সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেননি। তারপরও তাদের নাম সেখানে যুক্ত করা হয়েছে; যা জালিয়াতি। মামলায় বাকি চার নেতাকে সাক্ষী করা হয়েছে।
তারা হলেন- বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শান্ত, সদস্য সেলিম সরদার, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খাঁ ও মিজানুর রহমান মিঠু।
বাদী পক্ষের আইনজীবী মো. মামুন অর রশীদ সাংবাদিকদের বলেন, “বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির কিছু সদস্যের স্বাক্ষর জাল করে একটা প্রতিবাদ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হয়েছে।
“এ ঘটনায় আদালত নালিশী অভিযোগ তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে।”
