১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ অভিযোগ এনে এমপি শাহ আলমকে আওয়ামী লীগের ‘শোকজ’

শাহে আলম দাবি করেছেন, তিনি এ ধরনের কোনো নোটিশও পাননি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2023, 08:22 PM

Updated : 16 Oct 2023, 08:21 PM

দলীয় ভাবমূর্তি ক্ষুণ্নসহ ১৭ অভিযোগ এনে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ।

৩ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক মো. মাওলাদ হোসেন সানা স্বাক্ষরিত শোকজ নোটিশটি সংবাদকর্মীদের কাছেও পাঠানো হয়েছে।

তবে সোমবার বিকালে বানারীপাড়া-উজিরপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহে আলম দাবি করেছেন, তিনি এ ধরনের কিছু জানেন না এবং কোনো নোটিশও পাননি।

এ ব্যাপারে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. গোলাম ফারুক বলেন, “এ বিষয়ে আমি কোনো বক্তব্য দেব না। দলের মুখপাত্র হচ্ছেন সাধারণ সম্পাদক; তার সঙ্গে কথা বলুন।”

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাওলাদ হোসেন সানা বলেন, “শাহে আলমকে দলীয় নিয়মানুযায়ী কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

নোটিশের জবাব না পেলে নিয়মানুযায়ী পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সানা।

চার পৃষ্ঠার নোটিশে সংসদ সদস্যের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার মধ্যে রয়েছে- দলীয় কার্যালয় নির্মাণের জন্য গচ্ছিত টাকা আটকে রাখা, নেতাকর্মীদের মাঝে বিভাজন সৃষ্টি করা, ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া, আলাদাভাবে দলীয় কর্মসূচি করা ইত্যাদি।