এমপিকে শোকজের পর আওয়ামী লীগ নেতাদেরও শোকজ
ঊর্ধ্বতন কমিটিকে না জানিয়ে এ পদক্ষেপ নেওয়ায় বানারীপাড়া উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদককেও শোকজ পাঠিয়েছে বরিশাল জেলা কমিটি।
বিভিন্ন অভিযোগ এনে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমকে শোকজ করেছিল বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ। ঊর্ধ্বতন কমিটিকে না জানিয়ে এ ধরনের পদক্ষেপ নেওয়ায় এখন উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদককেও শোকজ পাঠিয়েছে দলের জেলা কমিটি।
১৭টি অভিযোগ এনে বানারীপাড়া-উজিরপুরের সংসদ সদস্যকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ায় ১৪ দিনের মাথায় মঙ্গলবার দুই নেতাকে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ ও সাধার সম্পাদক তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
তালুকদার মো. ইউনুস বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানাকে শোকজ করা হয়েছে।”
৩ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সংসদ সদস্য শাহে আলমকে শোকজ করে ১৫ দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়। যদিও সোমবার সংসদ সদস্য শোকজ পাওয়ার কথা অস্বীকার করেন।
চার পৃষ্ঠার নোটিশে সংসদ সদস্যের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার মধ্যে রয়েছে- দলীয় কার্যালয় নির্মাণের জন্য গচ্ছিত টাকা আটকে রাখা, নেতাকর্মীদের মাঝে বিভাজন সৃষ্টি করা, ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া, আলাদাভাবে দলীয় কর্মসূচি করা ইত্যাদি।
বুধবার ছিল সংসদ সদস্যের শোকজের জবাব দেওয়ার শেষ দিন। এর একদিন আগে মঙ্গলবার জেলা কমিটি উল্টো উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদককে শোকজ করল।
এতে বলা হয়েছে, “সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছি বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমকে বিভিন্ন কারণ উপস্থাপন করে শোকজ করা হয়েছে। বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদককে না জানিয়ে একজন সংসদ সদস্যকে কেন শোকজ করেছেন, তা পত্র প্রাপ্তির সাত দিনের মধ্যে ব্যাখ্যাসহ লিখিতভাবে জানাতে বলা হচ্ছে।
“অন্যথায় সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
শোকজ নোটিশ পাওয়ার কথা স্বীকার করে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা বলেন, “২৯ অগাস্ট উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হয়। সেখানে নেতাকর্মীরা সংসদ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। ওই সভায় সংসদ সদস্য শাহে আলম উপস্থিত ছিলেন। তখনই তাকে শোকজ করার সিদ্ধান্ত হয়।
“উপজেলা আওয়ামী লীগের একজন সদস্যকে শোকজ নোটিশ দিয়েছি। সেখানে তো সংসদ সদস্যের পদের কোনো বিষয় নেই।
জেলা আওয়ামী লীগের শোকজের জবাব নির্ধারিত সময়ের মধ্যে দেওয়া হবে বলেও জানান মাওলাদ হোসেন সানা।
এ বিষয়ে জানতে মঙ্গলবার বিকালে সংসদ সদস্য শাহে আলমকে মোবাইল করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
