২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বছর পর ওরসের যাত্রী নিয়ে মেদিনীপুর যাবে ট্রেন

প্রতিবছর এই দিনে রাজবাড়ী থেকে ভারতের মেদিনীপুরে যান ভক্তরা। তবে মহামারীর কারণে ২০২১ ও ২০২২ সালে বিশেষ ট্রেনটি যায়নি।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2023, 03:46 PM

Updated : 15 Feb 2023, 12:39 AM

করোনা মহামারীর কারণে দুই বছর বন্ধ থাকার পর ২ হাজার ১৭৫ জন ওরস যাত্রী নিয়ে রাজবাড়ী থেকে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর যাবে বিশেষ ট্রেন।

মঙ্গলবার রাত ১০টায় রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ২৪ বগির ট্রেনটি ছাড়বে বলে রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান।

যাত্রীরা হজরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর বংশধর হজরত আলি আবদুল কাদের সামসুল কাদের সৈয়দ শাহ মুরশীদ আলি আল কাদরী আল হাসায়নী ওয়াল হুসায়নী আল বাগদাদি আল মেদিনীপুরীর (রহ.) ১২২তম বার্ষিক ওরসে অংশ নেবেন।

রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরিয়ার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ কাদেরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৭ই ফেব্রুয়ারি রাতে মেদিনীপুর জোড়া মসজিদে ওরস অনুষ্ঠিত হবে।

বড় পীর আব্দুল কাদের জিলানীর বংশধরের নৈকট্য লাভ এবং তাকে এক নজর দেখতে ও পূণ্য লাভের আশায় প্রতি বছর এই দিনে রাজবাড়ী থেকে ভারতের মেদিনীপুরে যান ভক্তরা।

মেদিনীপুরের ওরসে যোগদানের জন্য ভারত সরকারের সুপারিশে ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ভারতীয় হাইকমিশন ভক্তদের বিশেষভাবে ভিসা দিয়ে থাকে বলে আজিজ কাদেরী জানান।

প্রতিবছর এই দিনে রাজবাড়ী থেকে ভারতের মেদিনীপুরে যান ভক্তরা। বাংলাদেশ সরকার ও ভারতের পশ্চিমবঙ্গ রেলওয়ে ১৯০২ সাল থেকে ওরসযাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ট্রেনটি পরিচালনা করে আসছে। তবে মহামারীর কারণে ২০২১ ও ২০২২ সালে বিশেষ ট্রেনটি যায়নি।

ওরস যাত্রীদের বহনকারী বিশেষ এই ট্রেনটিতে নেতৃত্ব দেবেন আঞ্জুমান-ই-কাদেরীয়ার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম দুলাল। ২ হাজার ১৭৫ জন যাত্রীর মধ্যে ২১’শ জন নারী-পুরুষ এবং ৭৫ জন শিশু রয়েছেন।ওরস শেষে ট্রেনটি রাজবাড়ী ফিরে আসবে ১৯ ফেব্রুয়ারি।

রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাত্রীরা যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে এজন্য রেল কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে রেলের ইয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে।

পূর্ব থেকে পশ্চিম ইয়ার্ড জুড়ে আলোর করা হয়েছে। পাশাপাশি ট্রেনের ভেতরে যাতে কোন বিঘ্ন না ঘটে সেজন্য গার্ড, ইলেকট্রিশিয়ান ও অ্যাটেনটেন্ড নিয়োগ দেওয়া হয়েছে।

রাজবাড়ী জিআরপি থানার ওসি সোমনাথ বসু জানান, বিশেষ ট্রেনটিতে যাত্রীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেবেন তারা।