ঝিনাইদহে সারের অবৈধ মজুত, ২ ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
অভিযানে এক হাজার ২০০ বস্তা সার জব্দ করা হয়।
ঝিনাইদহে অবৈধভাবে সার মজুত রাখার অপরাধে দুই ব্যবসায়ীকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক হাজার ২০০ বস্তা সার জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হাটগোপালপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমীন আক্তার সুমী এসব সার জব্দের পর এ জরিমানা করেন বলে উপজেলা কৃষি কর্তকর্তা জাহিদুল করিম জানান।
তিনি জানান, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছেন; এমন সংবাদে হাটগোপালপুরে অভিযান চালানো হয়। এ সময় একটি গোডাউন থেকে ৮০০ বস্তা ও একটি দোকান থেকে ৪০০ বস্তা ডিএপি, টিএসপি ও ইউরিয়া সার জব্দ করা হয়।
এ অপরাধে ব্যবসায়ী কৃষ্ণ গোপাল দত্তকে ১ লাখ টাকা ও কামরুল জোয়ার্দ্দারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত সার সদর উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের কাছে বিক্রির জন্য ডিলার ও সাব-ডিলারদের মাঝে সরবরাহ করা হয় বলে কৃষি কর্মকর্তা জাহিদুল করিম জানান।
