২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটি ছাত্রলীগ: এক বছরের কমিটির ৭ বছর পার

সর্বশেষ ২০১৫ সালের ২ জুন রাঙামাটি পার্বত্য জেলা শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন হয়েছিল।

ফজলে এলাহী

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2022, 08:21 AM

Updated : 01 Oct 2022, 11:04 AM

বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী জেলা কমিটি এক বছরের জন্য হওয়ার কথা থাকলেও রাঙামাটি জেলা কমিটি চলছে সাত বছরের অধিক সময় ধরে।

সর্বশেষ ২০১৫ সালের ২ জুন রাঙামাটি পার্বত্য জেলা শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন হয়েছিল।  

দীর্ঘ সময় পরও সম্মেলন না হওয়ায় সংগঠনের নানা স্তরের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা তার ফেইসবুকে গত ১৯ সেপ্টেম্বর এক পোস্টে লেখেন, “বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র মোতাবেক প্রত্যেকটি জেলা কমিটির মেয়াদ ১ বছর। বাংলাদেশ ছাত্রলীগ, রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার বার্ষিক সম্মেলন হয়েছে গত ২০১৫ সালের ২ জুন তারিখে। এ মেয়াদ/বয়স বিগত সকল কমিটিকে ছাড়িয়ে গেছে!”

ওই পোস্টে তিনি শীগ্রই এই কমিটির পরিসমাপ্তি ঘটিয়ে নতুন সম্মেলন প্রত্যাশা করেছেন।

তার এ পোস্টে জেলা ছাত্রলীগের সাবেক, বর্তমান ও পদপ্রত্যাশী অনেক নেতাকর্মীও আক্ষেপের কথা লিখে মন্তব্য করেন।

এর দুই দিন পরই প্রকাশ চাকমা ফেইসবুকে অপর একটি পোস্টে আগামী ১৪ অক্টোবর সম্ভাব্য জেলা সম্মেলনের কথা জানান।

তখন তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ আগামী ১৩, ১৪ ও ১৫ অক্টোবর যথাক্রমে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির জেলা সম্মেলনের কথা অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানাবে।

২০১৫ সালে জেলা সম্মেলনের পর কাউন্সিল ছাড়াই কেন্দ্র ঘোষিত সুজন-প্রকাশ কমিটি ইতোমধ্যে আট বছরে পা দিয়েছে। এই কমিটির সময়ে রাঙামাটি সরকারি কলেজে দুই পক্ষের মারামারির পর গত চার বছর ধরে ছাত্রলীগের কর্মকাণ্ড স্থগিত, নেই কলেজ কমিটিও। গত আট বছরেও রাঙামাটি মেডিকেল কলেজ কমিটি করা যায়নি।

১০ উপজেলার বেশিরভাগ কমিটিই মেয়াদউত্তীর্ণ, অনেকেই যুবলীগ-আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনে চলে গেলেও খালি পড়ে আছে ছাত্রলীগের পদ। জেলা ছাত্রলীগের দায়িত্বশীল পদের অনেক নেতা বিয়ে করে সংসারি হয়েছেন, অনেকে এখন সন্তানের পিতা। সরকারি চাকরি কিংবা উচ্চশিক্ষার জন্য রাজনীতির বাইরে চলে গেছেন অনেকেই। পুরো জেলায় ছাত্রলীগের কর্মকাণ্ড দৃশ্যত স্থবির।

বহুধাবিভক্ত এই সংগঠনটি নিয়ে বিরক্ত ও বিব্রত রাঙামাটি জেলা আওয়ামী লীগের নেতারাও।

রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা বলছেন, “সম্মেলন তো আমি নিজেই চাই। নিজেকে ছাত্রলীগে নেতা পরিচয় দিতে এখন লজ্জা লাগে। এক বছরের কমিটি এখন আট বছর চলছে। সম্মেলন চাই বলেই ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছি। কেন্দ্রের সঙ্গে আমি বহুবার যোগাযোগ করেছি। কিন্তু তারা তারিখ দেবে দেবে বলে আর দেয় না। কী কারণে দেয় না, আমি জানি না। তবে নেতাকর্মীরা সম্মেলন চান। অনেকের বয়স পাড় হয়ে গেছে, যাচ্ছে। অনেকের রাজনৈতিক জীবন নষ্ট হচ্ছে। এর দায় আমরা এড়াতে পারি না।”

তবে রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন বললেন ভিন্ন কথা।

তিনি বলেন, “ছাত্রলীগের গঠনতান্ত্রিক নিয়মে আগে বিভিন্ন উপজেলা ও অধস্তন ইউনিটের সম্মেলন হতে হবে, তারপর জেলা সম্মেলন। সেই ধারাবাহিকতা রক্ষা না করে কেউ গায়ের জোরে সম্মেলন চাইলে তো আর হবে না।”

আপনি সম্মেলন চান কিনা, এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, “এটা আমার চাওয়ার বিষয় নয়। কেন্দ্র যেভাবে নির্দেশনা দেবে সেভাবেই সব হবে। তবে এখন সম্মেলন করার পরিবেশ-পরিস্থিতি নাই।”

কেন পরিবেশ-পরিস্থিতি নাই, জানতে চাইলে সুজন বলেন, “আমার বিভিন্ন ইউনিটের কমিটির মধ্যে অনেকগুলোর বয়স আমাদের চেয়েও বেশি। আমার সেক্রেটারি প্রকাশ চাকমা আমাকে সহযোগিতা না করায় পরিবেশ পরিস্থিতি তৈরি হয়নি, যার কারণে কমিটি করতে পারিনি। সেইসব কমিটিগুলো না করে তো সম্মেলন হতে পারে না।”

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পরিবেশ-পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত যেভাবে চলছে, সেভাবেই চলবে। আমার কী করার আছে?”

তবে সভাপতির অভিযোগ উড়িয়ে দিয়ে প্রকাশ চাকমা বলছেন, “সে আমার বিরুদ্ধে যে অভিযোগ করছে তা সত্য নয়। আমাদের ছয়টি ইউনিটের সম্মেলন বাকি আছে। জেলা সম্মেলনের তারিখ ঘোষণা করা হলে এই ছয়টি সম্মেলন করতে ছয় দিন লাগবে। সে আসলে টালবাহানা করে সম্মেলন আটকাতে চায়।”

তবে রাঙামাটি জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক আল আমিন সুজনের ভাষ্য, “আমার সঙ্গে সাধারণ সম্পাদকের বিভিন্ন সময়ে কথা হয়েছে সাংগঠনিক নানা বিষয়সহ সম্মেলনের বিষয়েও, সে আমাকে বলেছে সম্মেলন চায়। সভাপতি যে সম্মেলন চায় না এটা তো আমিও বুঝিনি। সে অসুস্থতা ও ভারতে চিকিৎসা নেওয়ার বিষয় বলেছিল এতদিন। এখন তো সম্মেলন না হওয়ার কোনো কারণ নাই। আমি বিষয়টি নিয়ে কেন্দ্রে কথা বলব। ইতোমধ্যেই সাত বছর পার হয়ে গেছে। এখন আর তাদের ইচ্ছা অনিচ্ছায় নয়, কর্মীদের প্রত্যাশা এবং কেন্দ্রের সিদ্ধান্তেই সম্মেলন হবে।”

জেলা ছাত্রলীগের গণশিক্ষাবিষয়ক সম্পাদক হাসান মুরাদ বলেন, “রাঙামাটি জেলা আওয়ামী লীগের নেতাদের সুনজর চাই আমরা। আমরা তাদের প্রতি অনুরোধ জানাতে চাই, নতুন নেতৃত্ব না আসার কারণে সংগঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের অনেক নেতাকর্মীর স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে যাচ্ছে। এভাবে একটি সংগঠন চলতে পারে না।”

জেলা ছাত্রলীগের স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক তারেক হোসেন মাহিম বলেন, “আমরা সম্মেলন চাই। সম্মেলন না হওয়ার কারণে আমাদের অসংখ্য নেতাকর্মীর রাজনৈতিক ভবিষ্যত নষ্ট হচ্ছে। এক বছরের কমিটি এখন আট বছর চলছে, এটার দায় তো দায়িত্বশীলদের নিতে হবে। খাগড়াছড়িতে আহ্বায়ক কমিটি হয়েছিল, এখন সম্মেলন হচ্ছে, বান্দরবানও হচ্ছে। আমাদেরটা কেন হচ্ছে না জানি না।”

সম্মেলন না হওয়ার কারণে রাঙামাটি ছাত্রলীগ ‘স্থবির’ হয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন।

জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক ইকবাল আহমেদ তালুকদার রিজওয়ান বলেন, “সংগঠন দৃশ্যত ধ্বংস হয়ে গেছে এই জেলায়। কোথাও কোনো কমিটির মেয়াদ নাই। পুরো একটা প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে; ছাত্রলীগকে পুনরায় গড়ে তুলতে অনেক কষ্ট হবে।”

বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহেল জানান, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আগামী ১৩ অক্টোবর বান্দরবান জেলা ছাত্রলীগের সম্মেলন হতে যাচ্ছে। 

খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরা বলেন, “১৩ তারিখ বান্দরবানের সম্মেলন হচ্ছে, ১৪ অক্টোবর আমাদের জেলার সম্মেলন করার জন্য কেন্দ্র থেকে বলা হয়েছে। তবে আমরা বলেছি, যেহেতু রাঙামাটিরটা হচ্ছে না, তাই রাঙামাটিরটা যখন হবে আমাদেরটারও তখন তারিখ দিতে। কারণ, এখন দুর্গা পূজা; তাছাড়া আমাদের আওয়ামী লীগের জেলা সভাপতিও অসুস্থ।”

এ বিষয়ে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর বলেন, “জেলা ছাত্রলীগের সম্মেলনের জন্য আমি ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে একাধিকবার বলেছি। সেও সম্মেলন দিতে চায়; কিন্তু ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় তারিখ দিচ্ছে না। যতটুকু শুনেছি, কার যেন একজন মায়ের অনুরোধে বা নির্দেশে রাঙামাটির সম্মেলনের তারিখ দেওয়া হচ্ছে না; এটা নিয়ে আমরাও বিব্রত। বিষয়টি আমরা চিঠি দিয়ে নেত্রীকে জানিয়েছি। দাদাও (দীপংকর তালুকদার) বিষয়টি দেখছেন; দেখা যাক কী হয়। তবে রাঙামাটিতে ছাত্রলীগ বলতে গেলে ধ্বংসই হয়ে গেছে।”