১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা চেয়ে নিক্সন চৌধুরীকে তলব

শুক্রবার বিকালে নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থীকে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2023, 12:31 AM

Updated : 01 Dec 2023, 12:31 AM

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। 

বৃহস্পতিবার ফরিদপুর-৪ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। 

সেইসঙ্গে শুক্রবার বিকালে নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হয়ে সংসদ সদস্যকে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, মনোনয়নপত্র জমাদান উপলক্ষে নিক্সন চৌধুরী আড়াই শতাধিক মাইক্রোবাস ও দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে শোভাযাত্রা করেছেন।

পুরানো খবর:

হ্যাট্রিক বিজয়ের আশা নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন নিক্সন

“এ সময় ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়; যা সংসদীয় নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০০৮-এর বিধি ৮(ক) ৩৮ (খ)-এর বিধান এবং তৎসহ বিধি ১২-এর বিধান লঙ্ঘন বলে আদেশে উল্লেখ করা হয়েছে। 

এ বিষয়ে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে কেনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানাতে শুক্রবার বিকাল ৩টায় নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়। 

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে চতুর্থবারের মত আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও দলটির দ্বাদশ নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ।