সিলেটে মাদ্রাসা ছাত্রী ধর্ষণচেষ্টার মামলায় জমিয়ত নেতা গ্রেপ্তার
মাসউদ আজহার উপজেলা জমিয়তে ওলামায়ে ইসলামের সহসাধারণ সম্পাদক।
সিলেটের জৈন্তাপুর উপজেলায় মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় জমিয়তে ওলামায়ে ইসলামের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলা জমিয়তে ওলামায়ের সহসাধারণ সম্পাদক মাসউদ আজহারকে গ্রেপ্তার করা হয় বলে জৈন্তাপুর থানার ওসি ওমর ফারুক জানান।
ছাত্রীর বাবা মামলা দায়েরের পরই আসামিকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।
মামলার এজাহারে বলা হয়েছে, মাসউদ একটি মাদ্রাসায় পড়ান। ছাত্রী সেখানে পড়তে যান। তিনদিন আগে অন্যদের ছুটি দিয়ে মাসউদ ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা করেন। পরে সহপাঠীরা এসে তাকে উদ্ধার করে।
পরে ছাত্রী বাড়ি গিয়ে ঘটনাটি পরিবারকে জানায়। ছাত্রীর বাবা পেশাগত কারণে জেলা শহরে থাকায় মামলা করতে দেরি হয়েছে বলে জানানো হয়েছে।
