১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডিসি অফিসের সামনে আত্মহত্যার হুমকি স্বতন্ত্র প্রার্থীর

গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন জয়পুরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসর।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2023, 05:24 PM

Updated : 19 Dec 2023, 05:23 PM

বিচার না পেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন জয়পুরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসর।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অবসর চৌধুরী মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের বলেন, “সোমবার প্রতীক বরাদ্দের পর বিকাল ৫টার দিকে কালাই উপজেলার মাত্রাই বাজারে আমারা সমর্থকরা কাঁচি মার্কার পোস্টার টাঙাতে যায়। তখন নৌকার সমর্থকরা বাধা দেয় এবং তাদের হামলায় আমার আট কর্মী- সমর্থক আহত হয়।

“এ ব্যাপারে রাত ১১টার দিকে জয়পুরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছি। কিন্তু এখনও কোনো প্রতিকার পাননি।

তিনি আরও বলেন, “আবারও আক্রান্ত হলে যদি বিচার না পাই, তাহলে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করব।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক, আক্কেলপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ রাজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান।

এ ব্যাপারে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী সাংবাদিকদের বলেন, “একটি মৌখিক অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আক্কেলপুর, ক্ষেতলাল এবং কালাই উপজেলা নিয়ে গঠিত এই আসনে নৌকার প্রার্থী হিসেবে রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।