মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
যাবজ্জীবনের পাশাপাশি বিচারক তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন।
রংপুরে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল ২ এর বিচারক মো. রোকনুজ্জামান পাঁচ বছর আগের এ মামলার এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবনের পাশাপাশি বিচারক তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আল তুহিন জানান।
দণ্ডিত ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলায়; রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে বলা হয়,ওই কিশোরী (১৩) পরিবারের সঙ্গে থাকতো। তার বাবা-মা স্থানীয় একটি বাজারে চায়ের দোকান চালাতো। দিনের বেলায় মেয়েটির মা দোকানে থাকার সুযোগে বাবা নিজ মেয়েকে একাধিকবার ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায়।
২০১৭ সালের ১১ মার্চ সকালে ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে তার বাবা আবারও ধর্ষণ করে। পরদিন মেয়েটি পরিবারের কাউকে কিছু না জানিয়ে ঢাকার উদ্দেশ্যে বাড়ি ছেড়ে চলে যায়।
রংপুর নগরীর শাপলা চত্ত্বর বাসস্ট্যান্ডের কাছে এক অটোরিকশরা চালক ওই কিশোরীকে দেখতে পেয়ে একটি খাবারের হোটেলে রাখে। খবর পেয়ে ওইদিন রাতে মেয়েটির মা মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে তাকে বাড়ি ছেড়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করা হলে, সে মাকে ঘটনাটি জানায়।
এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে ২০১৭ সালের ১৩ মার্চ গঙ্গাচড়া থানায় স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
