২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ভূমি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ৩

১৪ জনের কাছ থেকে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তারা।

টাঙ্গাইলে ভূমি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ৩

প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করে র‍্যাব

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 05:30 PM

Updated : 25 Aug 2022, 05:30 PM

টাঙ্গাইলে সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মকর্তা পরিচয়ে টাকা নিয়ে খাস জমিতে ভূমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে র‍্যাব।

বুধবার গভীর রাতে সদর উপজেলার করটিয়া হাট বাইপাস এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান।

তারা হলেন- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঝড়কা এলাকার মনোরঞ্জন পাল (৩৮), সদর উপজেলার অলোয়া গ্রামের হাসেন আলী (৩৮) এবং পশ্চিম আকুর টাকুর পাড়ার ফজলুর রহমান (৬৭)।

এ সময় তাদের কাছ থেকে জমি খারিজ করার ৭২টি নকল কার্বন কপি, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন সরকারি কর্মকর্তাদের নকল ১১টি সিল এবং তিনটি মোবাইল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান সাংবাদিকদের বলেন, ভূমি অফিসের কর্মকর্তা পরিচয়ে করটিয়া হাটে সরকারি খাস জমিতে ভিটে পাইয়ে দেওয়ার কথা বলে হতদরিদ্র ও অসহায় লোকদের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।

“তারা সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তাদের নকল সিল ও জাল স্বাক্ষর ব্যবহার করে জমি খারিজ করার ভুয়া কপি দিতো। এভাবে প্রতারণা করে তারা ১৪ জনের কাছ থেকে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ”

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তা।