২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ‘কালোমুখ হনুমান’ উদ্ধার

নীলফামারীতে লোকালয়ে আসা একটি ‘কালোমুখ হনুমান’ উদ্ধারের কথা জানিয়েছে বনবিভাগ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2022, 10:59 PM

Updated : 29 Jul 2022, 10:59 PM

শুক্রবার সকালে জেলা শহরের বড়বাজারে জনতা ব্যাংকের ছাদ থেকে হনুমানটি উদ্ধার করা হয়।

হনুমানটিকে ধরতে ট্রাংকুলাইজার ব্যবহার করতে হয় বলে বনবিভাগ কর্মকর্তারা জানান।

নীলফামারী বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনায়েম খান বলেন, ‘কালোমুখ’ হনুমানটি শহরে আসার পর উৎসুক জনতা নানাভাবে বিরক্ত করছিল। ফলে হনুমানটি বিভিন্ন স্থানে ছুটে বেড়াচ্ছিল। এতে ঠিকমতো খাবার গ্রহণ করতে না পারায় অনেকটা দুর্বল হয়ে পড়ে।

“স্বাভাভিকভাকে ধরা সম্ভব না হওয়ায় শুক্রবার সকাল ৮টার দিকে ট্রাংকুলাইজার ব্যবহারে অচেতন করে খাঁচাবন্দি করা হয়।”

সুস্থ হওয়ার পর হনুমানটিকে মধুপুরের বনে পাঠিয়ে দেওয়া হবে বলে এই কর্মকর্তা জানান।

রংপুর সামাজিক বনবিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায়ের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয় বলে জানান তিনি।

বনবিভাগ কর্মকর্তাদের ধারণা, দলছুট হয়ে ওই হনুমানটি মধুপুর থেকে আনারস ভর্তি কোনো ট্রাকে উঠে নীলফামারী শহরে আসে। গত ১৭ দিন ধরে শহর ও পার্শ্ববর্তী গ্রামের বিভিন্ন স্থানে অবস্থানে করে চলাফেরা করতে দেখে লোকজন। স্বাভাবিকভাবে সেটিকে ধরা সম্ভব না হওয়ায় রংপুর বনবিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ দলের বিশেষজ্ঞকে খবর দেওয়া হয়।