১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ছিনিয়ে নেওয়ার সময় পুলিশের গুলি, নিহত এক

পুলিশ আটটি গুলি ছুড়লে ওই ব্যক্তিসহ আরও কয়েকজন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2023, 12:53 PM

Updated : 22 Jul 2023, 12:14 AM

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আসামি ছিনিয়ে নেওয়ার সময় পুলিশের গুলিতে আহত একজনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ জানান। 

৫৫ বছর বয়সি নিহত আইয়ুব নূর ওই এলাকার বাসিন্দা ও ‘মাদক মামলার আসামি’ আরিফ মিয়ার বাবা বলে জানায় পুলিশ। 

ওসি রাজু আহমেদ জানান, একটি মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি আরিফকে ভোরে ওই এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। এর পরপরই আসামি ছিনিয়ে নিতে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় আরিফের লোকজন। 

ওসি আরও জানান, হামলায় পুলিশের ১০ সদস্য আহত হন। এ সময় পুলিশ আটটি গুলি ছুড়লে আরিফের বাবা আইয়ুব নূরসহ আরও কয়েকজন আহত হন। পরে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে আইয়ুবের মৃত্যু হয়। 

পুলিশ সদস্যসহ অন্য আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে রাজু আহমেদ জানান। 

আরিফ মিয়ার বিরুদ্ধে মাদকসহ অন্যান্য ঘটনায় পাঁচটি মামলা আছে বলে জানায় পুলিশ।