মাগুরায় সাবেক বিজিবি সদস্যকে কুপিয়ে হত্যা
সন্ধ্যার পর রাশিদুল স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন লোক তাকে রাম দা ও সড়কি দিয়ে কুপিয়ে জখম করে চলে যায়।
মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্তিএক বিজিবি সদস্য নিহত হয়েছেন।
উপজেলার সব্দালপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত রাশিদুল ইসলাম রাশিদ (৫০) হোগলডাঙা গ্রামের প্রয়াত কওছার আলী মোল্লার ছেলে।
নিহত রাশেদুল ইসলামের চাচাতো ভাই টুটুল মোল্লা জানান, সন্ধ্যার পর রাশিদুল স্থানীয় কাজলী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে মোল্লা বাড়ির সামনে পৌঁছালে প্রতিপক্ষের কয়েকজন তাকে রাম দা ও সড়কি দিয়ে কুপিয়ে জখম করে চলে যায়।
স্থানীয় ও স্বজনরা উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রফিকুল ইসলাম তাকে মৃত বলে ঘোষণা করেন।
টুটুল মোল্লা বলেন, একই গ্রামের একটি পক্ষের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে সামাজিক বিরোধ চলে আসছিল। তারা পূর্বপরিকল্পিতভাবে তার ভাইকে কুপিয়ে হত্যা করেছে।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে রাম দা এবং সড়কি দিয়ে কোপানো হয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা গিয়েছেন।
শ্রীপুর থানার ওসি প্রিটন সরকার বলেন, এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। মৃতদেহ মাগুরা হাসপাতালে রয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
