২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

জ্বর নিয়ে এক সপ্তাহ বাড়িতে, হাসপাতালে আনার পর ফুটবলারের মৃত্যু

হাসপাতালে আনার পর সিয়ামের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 05:10 PM

Updated : 24 Sep 2026, 05:10 PM

এক সপ্তাহ ধরে জ্বর চেপে রাখার পর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয় চাঁদপুর মতলব উত্তরের তরুণ ফুটবলার মো. সিয়ামকে (২০)। হাসপাতালে ভর্তির মাত্র দুই ঘণ্টার মাথায় তার মৃত্যু হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আব্দুস সোবাহানের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন বলেন, হাসপাতালে আনার পর সিয়ামের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গুর উপসর্গ ধরা পড়লে এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অ্যাম্বুলেন্সে তোলার আগেই তার মৃত্যু হয়।

স্বজনরা জানান, বেশ কয়েক দিন ধরে প্রচণ্ড জ্বরে ভুগলেও বিষয়টি কাউকে জানাননি সিয়াম। বুধবার বিকালে পরিস্থিতি আশঙ্কাজনক হলে সন্ধ্যা ৭টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেন স্বজনরা।

সিয়ামের বাবা আব্দুস সোবাহান বলেন, “ছেলের এক সপ্তাহ ধরে জ্বর ছিল। বারবার ডাক্তারের কাছে যেতে বললেও কথা শোনেনি। অবস্থা বেশি খারাপ হলে হাসপাতালে আনি, কিন্তু ঢাকায় নেওয়ার আগেই আমার পোলাটা চলে গেল।”

স্থানীয় মতলব উত্তর স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামীম খান বলেন, সিয়াম স্থানীয়ভাবে একজন প্রতিশ্রুতিশীল ফুটবলার হিসেবে পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকার ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

চিকিৎসকরা বলছেন, জ্বরকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে রক্তক্ষরণ বা অবস্থার দ্রুত অবনতি হলে অবিলম্বে হাসপাতালে চিকিৎসা নিতে হবে।