পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: এ্যানি
চব্বিশের ৫ অগাস্ট যারা পালিয়ে গেছে, তাদের সংগঠনটা ১৭ বছরের অপকর্মের কারণে নিষিদ্ধ হয়েছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ করে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, “২০২৪ সালের ৫ অগাস্ট যারা পালিয়ে গেছে, তাদের সংগঠনটা ১৭ বছরের অপকর্মের কারণে নিষিদ্ধ হয়েছে।
“তাদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে তারা কিছু অপকর্ম করার চেষ্টা করে। এ ব্যাপারে আমরা একটু সজাগ ও সতর্ক থাকব।”
শুক্রবার বিকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিত সভায় এসব কথা বলেন তিনি।
বিরোধীদলকে উদ্দেশ করে পানিসম্পদ মন্ত্রী বলেন, “বিরোধী দলে যারা আছেন, তাদেরকে চিন্তা করতে হবে, যে বিএনপি সরকারি দল, ছয় মাসে সব কাজ করা সম্ভব না। তাহলে বিরোধীদল এখন কথায় কথায় মিছিল করবে, মিটিং করবে, লংমার্চ ও রোডমার্চ করবে- এটা কি মানান সই?”
জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে তিনি বলেন, “নির্বাচনের আগে ওনারা বলেছেন, ওনারা আল্লাহর দল। ওনারা আপনাদেরকে জান্নাত দিতে পারবে। তারা এ ধরনের বক্তব্য দিয়ে দুর্বল জায়গায় আঘাত করে, আমাদের মা-বোনদের ভোট নেওয়ার চেষ্টা করেছেন।
“প্রকৃতপক্ষে কোনো দল কি জান্নাত দিতে পারে? জান্নাত সম্পূর্ণ ঈমান এবং আকিদার ব্যাপার। এটা আল্লাহর হুকুম।”
অনুষ্ঠানে ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন, মহিলা দল নেতা ছকিনা বেগম, তাজনেহার বেগম, নাজমুন নাহার এবং রাবেয়া বেগম উপস্থিত ছিলেন।
