নওয়াপাড়া বন্দরে অফিস থেকে নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
অফিসের মেঝেতে গলায় গামছা পেঁচানো মরদেহ পড়ে ছিল বলে পুলিশ জানিয়েছে।
যশোরের অভয়নগরে এক নিরাপত্তাকর্মীর গলায় গামছা পেঁচানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, শনিবার দুপুরে নওয়াপাড়া নদীবন্দরের এক অফিস থেকে মরদেহটি উদ্ধার করেন তারা।
নিহত মিন্টু তরফদার (৬০) নৌ-বন্দরের তালতলা এলাকার সরকার গ্রুপের ঘাটের নৈশপ্রহরী ছিলেন। অভয়নগর উপজেলার বেঙ্গল টেক্সটাইল মিল এলাকার বাসিন্দা তিনি।
সরকার গ্রুপের ঘাটের ব্যবস্থাপক হাবিবুল্লাহ হাবিব বলেন, শনিবার সকাল ৯টার দিকে অফিসে গিয়ে দরজা খোলা এবং ঘাটের সব বৈদ্যুতিক বাতি জ্বলছে দেখেন তিনি।
“ভেতরে ঢুকে দেখি মেঝেতে গলায় গামছা পেঁচানো, রক্তাক্ত অবস্থায় মিন্টু তরফদারের মরদেহ পড়ে রয়েছে।”
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
ওসি শামীম বলেন, “মিন্টুর মুখমণ্ডল রক্তাক্ত ও গলায় হলুদ রঙের একটি গামছা পেঁচানো ছিল। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
