পিরোজপুরে গ্যারেজে অস্ত্র ও মাদক, আটক ৩
তাদের কাছ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয়।
পিরোজপুর সদর উপজেলার একটি গ্যারেজ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে; এ সময় আটক করা হয়েছে তিনজনকে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র্যাব-৮ এর সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম।
আটককৃতরা হলেন- উপজেলার পশ্চিম হরিণা এলাকার মৃত ছন্দু শেখের ছেলে বাহাদুর শেখ (৪৩), উকিলপাড়া এলাকার মৃত আফসার উদ্দিন খানের ছেলে মোস্তাফিজুর রহমান (৩৮) এবং খুমুরিয়া এলাকার আব্দুস সালাম শেখের ছেলে সাইদুল ইসলাম (৩২)।
র্যাবের সহকারী পরিচালক জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন পিরোজপুর সদরের মাছিমপুর এলাকার রতন কুমার মিস্ত্রির গ্যারেজে মাদক ক্রয়- বিক্রয় হয়।
এ খবরে শনিবার দুপুরের পর র্যাব-৮ এর একটি বিশেষ দল ওই গ্যারেজ ঘেরাও করে। তখন পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়।
তাদের তথ্য অনুযায়ী, ড্রয়ার থেকে একটি আমেরিকার তৈরি পিস্তল, একটি চায়নিজ কুড়াল, হকিস্টিক, পিস্তলের কভার, ক্যামেরাযুক্ত চশমা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া তিনজনকে তল্লাশি করে ৩৩৭টি ইয়াবা, ১৬০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির চার হাজার ৩৩০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-৮ এর ডিএডি নূর ইসলাম বাদী হয়ে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা করে আসামিদের পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
