পেঁয়াজ সংরক্ষণে সাড়া ফেলেছে বাতাস প্রবাহ যন্ত্র
এই প্রযুক্তির মাধ্যমে পেঁয়াজের পচন ঠেকিয়ে আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা যাবে বলে প্রকৌশলীরা মনে করছেন।
স্থানীয়ভাবে উদ্ভাবিত বাতাস প্রবাহ যন্ত্র পেঁয়াজ সংরক্ষণে ফরিদপুরে ব্যাপক সাড়া ফেলেছে।
চাষিরা বলছেন, ১৫-১৬ হাজার টাকার এই যন্ত্র দিয়ে তারা প্রায় তিনশ মণ পেঁয়াজ সংরক্ষণ করতে পারছেন, যাতে মাসে বিদ্যুৎ খরচ আসছে পাঁচশ থেকে ছয়শ টাকা।
সদর উপজেলার পিয়ারপুর গ্রামের আব্দুর রহিম শেখ (৬০) বলেন, এ বছর তিনি তিনশ মণের বেশি পেঁয়াজ উৎপাদন করেছেন। সব পেঁয়াজ নিরাপদে সংরক্ষণ করতে পারছেন।
“আগে চাঙে খামাল দিয়ে পেঁয়াজ রাখতাম। তাতে অনেক পেঁয়াজ পচে নষ্ট হত। এ বছর এই মেশিন দিয়ে পেঁয়াজ রাখার পর আলহামদুলিল্লাহ পেঁয়াজ আর আগের মতো পচে না।”
সনাতন পদ্ধতিতে বাঁশের মাচায় পেঁয়াজ সংরক্ষণ করা হয়, যাতে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়ে, অধিক তাপমাত্রায় ও অতিরিক্ত জলীয় বাষ্পে পচন ধরে নষ্ট হয়।
নতুন পদ্ধতিতে ঘরের মেঝেতে ইট দিয়ে মাচা তৈরির পর ছিদ্রযুক্ত মাদুর বিছানো হয়। ঘরের মাঝামাছি রাখা হয় একটি ভার্টিকাল সিলিন্ডার। সিলিন্ডারের ভেতর থাকে বৈদ্যুতিক পাখা। পাখার সাহায্যে ওপর থেকে বাতাস টেনে নিয়ে ছড়িয়ে দেওয়া হয়। বাতাস প্রবাহিত হয় মজুদকৃত পেঁয়াজের মধ্য দিয়ে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানিসম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প ২য় পর্যায়ের পরামর্শক দল এই প্রযুক্তি উদ্ভাবন করে।
প্রকল্পের ভ্যালু চেইন স্পেশালিস্ট গাজী মো. আব্দুল্লাহ মাহদী বলেন, এই প্রযুক্তিতে পেঁয়াজের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। পেঁয়াজ দীর্ঘদিন ভালো থাকে। কোনো পেঁয়াজ আগেই নষ্ট হয়ে থাকলে তা শুকিয়ে যায়; পাশের পেঁয়াজকে নষ্ট করে না।
“এই পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করলে মাত্র ১০ শতাংশ নষ্ট হয়। আর সনাতন পদ্ধতিতে নষ্ট হয় ৪০ থেকে ৫০ শতাংশ।”
তবে পচন ‘প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব’ বলে মনে করেন ফরিদপুর অঞ্চলের পানি উন্নয়ন বোর্ডের বিশেষায়িত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু সালে মোহাম্মদ তোফায়েল চৌধুরী।
তিনি বলেন, “এই প্রযুক্তি প্রথম বছরই অভাবনীয় সাফল্য দেখিয়েছে। বছরে আট মাস এভাবে পেঁয়াজ সংরক্ষণ করা যায়। এর মাধ্যমে সংরক্ষিত পেঁয়াজের ওজন হ্রাস পায় ৩০ শতাংশ। তাছাড়া পচন প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। তা সম্ভব হলে আমরা নিজস্ব উৎপাদন দিয়েই পেঁয়াজের চাহিদা মেটাতে পারব। আমদানির জন্য আর বৈদেশিক মুদ্রা খরচ করতে হবে না।”
পচন ‘প্রায় শূন্যের কোঠায়’ নামিয়ে আনার জন্য সংরক্ষণাগার ও যন্ত্রের উন্নতির লক্ষ্যে গবেষণা দরকার বলে তিনি জানান।
সাম্প্রতিক বছরগুলোয় পেঁয়াজের বাজারে অস্থিরতার জেরে সরকার পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেয়। উদ্ভাবিত হয় বাতাস প্রবাহ যন্ত্র।
সুফল দেখতে পেয়ে চাষিরা অল্প সময়ের মধ্যে ব্যাপকভাবে সাড়া দেন।
চাষিরা বলছেন, সাধারণত বাজারে নতুন পেঁয়াজ ওঠার পর দাম কমতে থাকে। এ জন্য কিছুদিন সংরক্ষণ না করতে পারলে চাষির ভাগ্যে লাভ জোটে না।
জেলার নগরকান্দা উপজেলার বিলনালিয়ার অহিদুজ্জামান বলেন, “এখন দেড় হাজার টাকা মণ দরে পেঁয়াজ বিক্রি করতে পারছি। সংরক্ষণ করতে না পারলে ১২০০ টাকায় বিক্রি করতে হত। এখন নিজের প্রয়োজনমত সময়ে বিক্রি করছি।”
ভালো বীজের জন্যও এই প্রযুক্তি আশীর্বাদস্বরূপ বলে জানান সালথা উপজেলার লাহরিপাড়া গ্রামের আবজাল হোসাইন।
তিনি বলেন, “এই মেশিন ব্যবহার করলে বীজ খুব সুন্দর থাকে। গজায় কম। ঘাটতিও কম। পেঁয়াজের রং ও গুণগত মান ভালো থাকে।
“প্রতি মণে আগে চার থেকে পাঁচ সের পেঁয়াজ পচে যেত। নতুনভাবে পেঁয়াজ রেখে আমি সাড়ে তিনশ মণ পেঁয়াজ বের করে মাত্র চার-পাঁচ সের পচা পেয়েছি। পেঁয়াজে দাগও হয় নাই। এ কারণে আমরা এই মেশিনের নাম দিয়েছি ‘কৃষকের এসি’।”
ফরিদপুর চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট নজরুল ইসলাম এই প্রযুক্তির পেছনে যারা কাজ করেছেন সেই প্রকৌশলীদের ধন্যবাদ জানিয়েছেন।
নজরুল বলেন, “এয়ার ফ্লো মেশিন চাষিদের জন্য খুবই সহায়ক হয়েছে। আমাদের দেশে উৎপাদিত পেঁয়াজ যদি সঠিকভাবে সংরক্ষণ করা যেত তাহলে এই পণ্যটি আর আমদানি করতে হত না। এতে চাষিরা যেমন লাভবান হতেন তেমনি ফরেন কারেন্সি সেভ হত।”
