১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে বিএনপির পদযাত্রা, গাড়িতে তল্লাশির অভিযোগ

তবে পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, চেকপোস্ট বসিয়ে তল্লাশি নিয়মিত ঘটনা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2023, 09:42 PM

Updated : 18 Jul 2023, 09:42 PM

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক দফা দাবিতে গাজীপুরে পদযাত্রার কর্মসূচি পালন করেছে বিএনপি। পদযাত্রা শুরুর আগে গাজীপুর শহরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

এ সময় নেতারা অভিযোগ করেন, পদযাত্রায় আসার পথে গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ নেতাকর্মীদের হয়রানি করেছে। তবে পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, চেকপোস্ট বসিয়ে তল্লাশি নিয়মিত ঘটনা।

সরকারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার সকাল থেকে পদযাত্রায় অংশ নিতে গাজীপুর মহানগর এবং বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সভা শেষে দলীয় কার্যালয় থেকে হাজার হাজার নেতাকর্মী জয়দেবপুর-ঢাকা সড়কের শিববাড়ি, লক্ষ্মীপুরা, রওশন সড়ক, এবং ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও নাওজোর মোড় পর্যন্ত প্রায় আট কিলোমিটার পদযাত্রা কর্মসূচি পালন করেন।

সমাবেশে গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন বলেন, “সারাদেশে সরকার নৈরাজ্য সৃষ্টি করছে। সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচনের কথা বলে একতরফা নির্বাচন করে যাচ্ছে। এই সরকারের অধীনে কোনোভাবেই একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। তাই সরকার পতনের দাবি যতক্ষণ না পূরণ হবে ততদিন আমাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।” 

সমাবেশে আরও বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, ডা. মাজহারুল আলম, মজিবুর রহমান, আফজাল হোসেন, মীর হালীমুজ্জমান ননী।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান বলেন, “কর্মসূচিতে যোগ দিতে আসার পথে কালীগজ্ঞ উপজেলার নরুন বাজার ও কাপাসিয়া উপজেলার কাপাসিয়া ফকির মজনু শাহ সেতুতে যাত্রীবাহী হিউম্যান হলার, অটোরিকশা, ইজিবাইক, পিকআপ ভ্যানসহ বিভিন্ন যানবাহনে তল্লাশির নামে নেতা-কর্মীদের হয়রানি করেছে পুলিশ।

পদযাত্রার সময় স্থানীয় সড়ক-মহাসড়কে যানচলাচল বিঘ্নিত হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী উপ-কমিশনার (এডিসি-ট্রাফিক) অশোক কুমার পাল জানান, জয়দেবপুর থেকে নাওজোর পর্যন্ত সড়ক ও মহাসড়কে বিএনপির পদযাত্রা চলাকালে যানবাহন চলাচল সাময়িকভাবে কিছুটা বিঘ্নিত হয়। প্রায় ২০ মিনিট পর সড়ক ও মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে পদযাত্রাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিএনপির পদযাত্রা উপলক্ষে মহানগর এলাকায় কোথাও কোথাও চেকপোস্ট স্থাপন বা গাড়িতে তল্লাশি চালানো হয়। তবে নিয়মিত কাজের অংশ হিসেবে ফিটনেসবিহীন গাড়ি জব্দে তল্লাশি চলেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

কাপাসিয়া থানার ওসি এ এইচ এম লুৎফুল কবির বলেন, “নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমাদের এলাকায় কয়েকটি চেকপোস্ট স্থাপন করা হয়েছে, যেখানে প্রয়োজনে তল্লাশি কাজ চালানো হয়। বিএনপির পদযাত্রা উপলক্ষে কোনো চেকপোস্ট স্থাপন ও তল্লাশি পরিচালনা করা হয়নি।”

কালীগঞ্জ থানার এসআই মো. সাইফুল ইসলাম বলেন, “কোথাও যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য কালীগঞ্জের জামালপুর, শিমুলিয়া রেলগেইট, নুরুন বাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়। তবে কাউকে হয়রানি করা হয়নি।”