২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বিটুমিনের ড্রাম বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিক

আহত তিন শ্রমিককে গুরুতর অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

পাবনায় বিটুমিনের ড্রাম বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিক

আড়াইশ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতাল

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2022, 11:38 PM

Updated : 11 Oct 2022, 11:38 PM

পাবনার ঈশ্বরদী উপজেলায় সড়কে কার্পেটিং করার সময় বিটুমিনের ড্রাম বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন; গুরুতর অবস্থায় তাদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

সোমবার উপজেলার মুলাডুলি ইউনিয়নের আরকান্দি গ্রামে এ ঘটনায় আহত তিন শ্রমিককে মঙ্গলবার সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

দগ্ধরা হলেন- সদর উপজেলার শিমুলছড়া গ্রামের আজিজুল হক (৫১), চর বলরামপুর গ্রামের খবির উদ্দিন প্রামাণিক (৫৫) এবং আটঘরিয়া উপজেলার কৈজুরী শ্রীপুর গ্রামের রাকিব হাসান (৪০)।

দগ্ধ শ্রমিক খবির উদ্দিন প্রামাণিক সাংবাদিকদের বলেন, তারা মুলাডুলি ইউনিয়নের নিকরহাটা থেকে নারিচা পর্যন্ত সড়কে কার্পেটিংয়ের কাজ করছিলেন। এ সময় একটি বিটুমিনের ড্রামে কেরোসিন ঢালতে গিয়ে কিছু বুঝে উঠার আগেই আগুন লেগে যায় এবং পরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

তিনি আরও বলেন, “তিন জনই মাটিতে লুটিয়ে পড়ে যাই। জ্ঞান ফেরার পর দেখি, আমাদের শরীরের কোমর থেকে নিচের অংশ পুড়ে গেছে।”

দগ্ধ তিন জনকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম শামীম বলেন, “দগ্ধ শ্রমিকদের অবস্থা ক্রমান্বয়ে খারাপ হতে থাকায় রাতেই আড়াইশ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।”

আড়াইশ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ওমর ফারুক মীর বলেন, “এখানে দগ্ধ রোগীদের চিকিৎসার ব্যবস্থা অপ্রতুল। মঙ্গলবার সকালে তিনজনকে ঢাকার স্থানান্তর করা হয়েছে।”