২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ ভোটারদের দ্বারে, আর বিএনপি সংঘাত সৃষ্টির পাঁয়তারায়: পররাষ্ট্রমন্ত্রী

সিটি করপোরেশন ও সদর নিয়ে গঠিত সিলেট-১ আসনে শুক্রবার লিফলেট বিতরণ করে নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু করেন মোমেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2023, 05:09 PM

Updated : 29 Dec 2023, 05:28 PM

নির্বাচন সামনে রেখে বিএনপি দেশে ‘সংঘাতময়’ পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সিলেট-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।  

শুক্রবার সকালে নগরীর উপশহর এলাকায় নির্বাচনি প্রচারের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। 

সিটি করপোরেশন ও সদর নিয়ে গঠিত সিলেট-১ আসনে এদিন লিফলেট বিতরণের মাধ্যমে মোমেন তার নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু করেন। 

তিনি বলেন, “১৭০ মিলিয়ন মানুষের দেশ বাংলাদেশ, বিশ্বের ৩৩তম বৃহত্তম অর্থনীতির দেশ। আমরা এখন আত্মনির্ভরশীল। সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে।

“বাংলাদেশ আফগানিস্তান নয়, কাজেই দুই-একটি দেশের হুমকি-ধমকিতে কোনো লাভ হবে না।” 

বিএনপির প্রসঙ্গ টেনে মোমেন বলেন, “আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে বলেই একটি অবাধ-সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। অন্যদিকে বিএনপি চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। 

“বিএনপি মনে করছে নির্বাচনে আসলে তারা ভোট পাবে না; বিএনপি ভুল পথে চলছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক।” 

মোমেন নির্বাচনি প্রচারে তেরো রতন ও গোটাটিকর শিল্প এলাকায় ভোট চান। 

এ সময় সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ সেলিম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, জেলা মহিলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক সাজেদা পারভীন ও অন্যরা উপস্থিত ছিলেন।