Published : 16 Oct 2023, 11:45 AM
‘পূর্ব শত্রুতার’ জেরে রাজবাড়ীর বালিয়াকান্দিতে শ্রমিক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত মোল্লা আজিজ মহাজন (৪৫) নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহ সভাপতি ছিলেন। নারুয়া ইউনিয়নের কোনা গ্রামে রোববার সন্ধ্যায় তাকে হত্যা করা হয় বলে বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সন্ধ্যার দিকে কোনা গ্রামের পশ্চিম পাড়ায় ভাইয়ের বাড়ি থেকে বাইক চালিয়ে নিজের বাড়িতে ফিরছিলেন আজিজ।
“পথে তৈয়ব লস্করের বাড়ির সামনে পৌঁছালে রাস্তায় বাঁশ ফেলে ৭/৮ জন ব্যক্তি আজিজের বাইক আটকায়। তারপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। আজিজের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।“

স্থানীয়রা আজিজকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে। পরে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে আজিজের মৃত্যু হয় বলে জানন ওসি আসাদুজ্জামান।
তিনি বলেন, “আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, পূর্ব শত্রুতার জেরে আজিজ মহাজনকে হত্যা করা হয়েছে। জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।”