ফেনীতে মাদ্রাসাছাত্রী শিশুকে ‘ধর্ষণ’, শিক্ষক গ্রেপ্তার
ঘটনাটি জানাজানি হলে শিশুটির পরিবারের সদস্যরা মাদ্রাসায় যান এবং ওই শিক্ষককে আটকে রেখে পুলিশে খবর দেন।
ফেনীতে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানিয়েছেন।
গ্রেপ্তার ফখরুল ইসলাম (১৯) ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও গ্রামের বাসিন্দা ও একই ইউনিয়নের সুন্দরপুর বাজারের শাহি নুরানী মাদ্রাসার শিক্ষক।
মামলার বরাতে ওসি জানান, শিশুটি স্থানীয় শাহি নুরানী মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ে। শিক্ষক ফখরুল ইসলাম গত সোমবার শিশুটিকে মাদ্রাসার ছাদে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি নিয়ে কাউকে কিছু না বলতে শিশুটিকে নিষেধ করেন এই শিক্ষক।
“বিকালে শিশুটি বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়ে এবং বিষয়টি তার মাকে জানায়।”
ওসি আরও বলেন, ঘটনাটি এলাকায় জানাজানি হলে মঙ্গলবার সকালে শিশুটির পরিবারের সদস্যরা মাদ্রাসায় যান এবং তারা ওই শিক্ষককে আটকে রেখে পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ গিয়ে ওই শিক্ষককে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফেনী সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
ওসি নিজাম উদ্দিন আরও জানান, ফখরুল ইসলাম বর্তমানে থানা হাজতে রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ আলম পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছেন। বুধবার তাকে আদালতে হাজির করা হবে। একই দিন শারীরিক পরীক্ষার জন্য মেয়েটিকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
