১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে হত্যা মামলায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

আসামিরা আবুলকে বিষ খাইয়ে হাত-মুখ বেঁধে ঘরের বারান্দায় রেখে যায় বলে মামলায় অভিযোগ করা হয়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2023, 08:16 PM

Updated : 02 May 2023, 08:16 PM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এক কৃষককে বিষ খাইয়ে হত্যার মামলায় বাবা ও ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব ১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, সোমবার রাতে গাজীপুরের গাছা থানার বোর্ড বাজারে অভিযান চালানো তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন উপজেলার নারান্দিয়া ইউনিয়নের সীমাকাছড়া পালিমা গ্রামের মকবুল হোসেন (৫০), তার ছেলে মো. শরিফ (৩০) এবং একই এলাকার মো. মনির (৪৫)।

র‌্যাব কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, “সীমাকাছড়া পালিমা গ্রামের আবুল হোসেন সেচপাম্প লিজ নিয়ে চাষাবাদ করতেন। ২৭ এপ্রিল ভোরে জমির বিরোধের জেরে আবুল হোসেনকে ডেকে নেয় প্রতিপক্ষরা। কিছুক্ষণ পর আবুলকে ঘরের বারান্দায় রেখে পরিবারের সদস্যদের ডাক দিয়ে চলে যান তারা।

“পরে আবুলের স্ত্রী ঘরের বাইরে বের হয়ে দেখেন তার হাত মুখ গামছা দিয়ে বাঁধা; মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। এরপর আবুলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক জানান–আবুল কীটনাশক খেয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক আবুলকে মৃত ঘোষণা করেন।”

তিনি বলেন, ঘটনার পর আবুলের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

আবুলের চাচাতো ভাই ও ভাতিজা হলেন গ্রেপ্তার মকবুল ও শরিফ। তাদের কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।