২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ‘স্বামীর মারধরে’ আহত গৃহবধূর মৃত্যু

গত তিন মাস আগে সামাজিকভাবে তার বিয়ে হয়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2022, 01:43 PM

Updated : 01 Sep 2022, 01:51 PM

কক্সবাজার সদরে স্বর্ণালংকার না দেওয়ায় স্বামীর মারধরে আহত এক নববধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত নারীর স্বজনদের অভিযোগ, ‘মাদকাসক্ত’ স্বামীর যৌতুকের দাবি পূরণ না করা এবং বিয়ের সময় উপহার পাওয়া স্বর্ণালংকার না দেওয়ায় এ হত্যার ঘটনা ঘটেছে।

কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, বুধবার রাত ১১টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমী আক্তার নামের ওই নারীর মৃত্যু হয়।

সুমী (২০) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা ঘোনারপাড়ার মো. বোরহান উদ্দিনের স্ত্রী। আর বোরহান ওই এলাকার এখলাছ মিয়ার ছেলে। সুমীর বাবা মো. শফিউল্লাহ একই এলাকার বাসিন্দা।

নিহতের ভাই মোহাম্মদ পারভেজ বলেন, “গত তিন মাস আগে সামাজিকভাবে সুমী ও বোরহানের বিয়ে হয়। বিয়েতে আমাদের পক্ষ থেকে বরকে একটি মোটরসাইকেল ও এক ভরি ওজনের একটি স্বর্ণের গলার হার উপহার দেওয়া হয়। কিন্তু বোরহান যে একজন মাদকাসক্ত তা আমরা আগে জানতাম না। বিয়ের কিছুদিন পর থেকে বোরহান মোটা অংকের টাকা এনে দেওয়ার জন্য সুমিকে চাপ দিয়ে আসছিল। এতে সুমি রাজি না হওয়ায় বিয়েতে উপহার পাওয়া মোটরসাইকেল বিক্রি করে দেয়। এক পর্যায়ে বোরহান বিয়েতে পাওয়া উপহারের স্বর্ণালংকার তার হাতে তুলে দিতে সুমিকে চাপ দিতে শুরু করে।

"এ নিয়ে বুধবার রাত ১০টার দিকে উভয়পক্ষের অভিভাবকদের মধ্যে পূর্ব নির্ধারিত এক বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই রাত সোয়া ৮টার দিকে বাড়িতে সুমিকে মারধর করে বোরহান। এক পর্যায়ে গলা চেপে ধরে সুমিকে হত্যার চেষ্টা চালানো হয়। পরে বোরহান নিজেই সুমিকে হাসপাতালে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ নেই।"

পারভেজ জানান, সুমির গলাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে। পরে রাতেই পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে এবং তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

পরিদর্শক সেলিম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে সুমির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। স্বজনদের লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা নথিভুক্ত করা হবে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।