জোয়ারে ঘাট তলিয়ে ভোলা-ইলিশা ফেরি বন্ধ
ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে।
সাগরে গভীর নিম্নচাপের প্রভাবে উচ্চ জোয়ারের পানিতে ভোলার ইলিশা ঘাট তলিয়ে যাওয়ায় ভোলা-লক্ষ্মীপুর ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বুধবার দুপুর ১২টার ফেরি চলাচল বন্ধ হয়ে যায় বলে বিআইডব্লিউটিএ-এর সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম জানান।
ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে।
ভোলা-লক্ষ্মীপুর ফেরির মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে চট্টগ্রাম অঞ্চলের জেলাগুলোর যোগাযোগ হয়। এ ফেরি রুটে বর্তমানে চারটি ফেরি চলাচল করছে।
মঙ্গলবার ও বুধবার মেঘনার পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হওয়ায় ঘাট তলিয়ে গেছে।
বুধবার মেঘনার পানি বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়।
বিআইডব্লিউটিসির মেরিন অফিসার মো. আল আমিন জানান, ঘাটটি তলিয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তা ছাড়া অতি জোয়ারে ঘাটের ‘রেম’ সরে গেছে। বিষয়টি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ ব্যাপারে বিআইডব্লিউটিএ-এর সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, জোয়ারে পানি নেমে গেলে ঘাট মেরামত করা হবে।
