পাবনায় রুশ নারীকে উত্ত্যক্ত করায় যুবকের ৩ মাসের কারাদণ্ড
পুলিশ জানায়, কর্মস্থলে যাওয়া-আসার পথে ওই রাশিয়ান নারীকে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্তের প্রমাণ পাওয়া গেছে ওই যুবকের বিরুদ্ধে।
পাবনার ঈশ্বরদীতে রুশ নারীকে উত্ত্যক্তের দায়ে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইউএনও ইমরুল কায়েস এ আদেশ দেন বলে ঈশ্বরদীর আমবাগান পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল জানান।
দণ্ডপ্রাপ্ত সজিবুল ইসলাম রুবেল ওরফে সৃষ্টি (৩০) ঈশ্বরদী পৌর এলাকার পূর্বটেংরী কলেজ রোডের প্রয়াত আব্দুল আজিজের ছেলে।
এএসআই সোহেল জানান, ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান অর্গানস্ট্রয় এক্সপোর্টে কর্মরত এক রাশিয়ান নারীকে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গির মাধ্যমে প্রায়ই উত্ত্যক্ত করতেন সজিবুল ইসলাম রুবেল।
“বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের কলেজ রোডের বাসা থেকে বিদেশি ওই নারী প্রকল্পে যাওয়ার জন্য বের হলে রুবেল ফের তাকে উত্ত্যক্ত করেন। খবর পেয়ে ইউএনও ইমরুল কায়েস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড দেন।”
এ বিষয়ে ইমরুল কায়েস জানান, প্রকল্পের কাজে যাওয়া-আসার পথে বিদেশি ওই নারীকে রুবেল প্রায়ই উত্ত্যক্ত করতেন। এ কারণে রুবেলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
