২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

বরগুনায় ‘৭ কোটি টাকার’ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি জব্দ, গ্রেপ্তার ৫

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে এসব মালামাল আনা হয় বলে ভাষ্য কোস্ট গার্ডের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 10:21 PM

Updated : 24 Sep 2026, 10:21 PM

বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে মাছ ধরার ট্রলার ও একটি কভার্ড ভ্যান থেকে বিপুল শাড়ি ও পাঞ্জাবি জব্দ করা হয়েছে; যেগুলো ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা হয় বলে ভাষ্য কোস্ট গার্ডের।

বুধবার মধ্যরাতে উপজেলার বিষখালী নদীর মোহনা থেকে এসব উদ্ধারের সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

গ্রেপ্তাররা হলেন- পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মানিক সরদারের ছেলে সোহাগ সর্দার,

মহিপুর উপজেলার আলম মোল্লার ছেলে মঞ্জু মোল্লা, রাঙ্গাবালী উপজেলার মৌডুবি গ্রামের নাসির হাওলাদারের ছেলে সাগর হাওলাদার, কলাপাড়া উপজেলার পাখিমারা গ্রামের আলাউদ্দিন গাজীর ছেলে রেজাউল গাজী এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নবানখালী গ্রামের শাজাহান হাওলাদার ছেলে বিল্লাল হাওলাদার।

বৃহস্পতিবার কোস্ট গার্ড থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত ২টায় গোপন খবর পেয়ে কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশনের একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি মাছ ধরা ট্রলার ও একটি কভার্ড ভ্যানে তল্লাশি করে ১৩ হাজার ৫০৭টি ভারতীয় শাড়ি এবং এক হাজার ৪৬৬টি ভারতীয় পাঞ্জাবি জব্দ করা হয়।

শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা এস পণ্যের আনুমানিক বাজার মূল্য সাত কোটি চার লক্ষ ৬৭ হাজার টাকা বলে জানায় কোস্ট গার্ড।

এ ঘটনায় মাছ ধরা ট্রলার ও কভার্ড ভ্যানসহ পাঁচজনকে আটক করা হয়। পরে আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।

পাথরঘাটা থানার ওসি আব্দুল আলীম বলেন, বিকালে পাঁচজনকে থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলা করেছে কোস্ট গার্ড। জব্দ করা মালামাল কোস্ট গার্ডের হেফাজতে রয়েছে। শুক্রবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।