০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’

চুনারুঘাট থানার এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইন একটি মামলার তদন্তে গিয়ে এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 12:31 AM

Updated : 06 Oct 2026, 12:31 AM

মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

সেখানে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে বলতে শোনা যায়, “কিছু রটে দেখিই তো কিছু বটে। আমি যদি বলি, পুলিশে চাকরি করি কিন্তু ঘুষ খাই না, তবে কি আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব হব?

“আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।”

ইলিয়াস সম্প্রতি উপজেলার রানীগাঁও বাজারে গিয়েছিলেন ব্যবসায়ী নোমান মিয়ার করা একটি মামলার তদন্ত করতে। তখনই তিনি উপস্থিত লোকজনের সামনে এই কথা বলেন।

তখন সেখানে উপস্থিত এক ব্যক্তি তার মোবাইল ফোনে সেই বক্তব্য ধারণ করে ফেইসবুকে ছেড়ে দেন। আর মুহূর্তেই সেটি ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, চুনারুঘাট থানার ওসি তার এলাকার ‘বড় ভাই’ এমন দাবি করে নিজের আধিপত্য খাটিয়ে আসছেন এএসআই ইলিয়াস।

ভিডিওর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মাফিউর রহমান বলেন, “বিষয়টি আমি জেনেছি, এ নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানাব।”