২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী-ঢাকা রেলপথে ট্রেনের সূচি বিপর্যয়, বনলতা বাতিল

তিন কারণে এই বিপর্যয় হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রাজশাহী-ঢাকা রেলপথে ট্রেনের সূচি বিপর্যয়, বনলতা বাতিল

রাজশাহী রেলওয়ে স্টেশন

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2022, 03:58 PM

Updated : 25 Oct 2022, 04:20 PM

একটি ট্রেন লাইনচ্যুত, একটি ট্রেনের সামনে গাছ ভেঙে পড়া এবং অপর একটি ট্রেনের বগি অকেজো হওয়ায় রাজশাহী-ঢাকা রেলপথে চলাচলকারী ট্রেনে সূচি বিপর্যয় ঘটেছে।

মঙ্গলবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের চাকা অকেজো হয়ে যায়; পরে সেটি মেরামত করে সাড়ে তিন ঘণ্টা দেরিতে ছেড়ে যায়।

টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনে সোমবার মধ্যরাতে ঢাকা থেকে রাজশাহীগামী ‘পদ্মা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনের সামনে একটি গাছ ভেঙে পড়ে। সেটি মেরামত করে সকালের দিকে ছেড়ে যায়।

অপরদিকে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে ঢাকা বিমানবন্দর স্টেশনের আউটারে লাইনচ্যুত হয়ে যায়।

এই তিনটি ঘটনায় পশ্চিমাঞ্চল রেলে চলাচলকারী অধিকাংশ দূরপাল্লার ট্রেনের সূচিতে বিপর্যয় হয়েছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে। আর এতে ভোগান্তির মধ্যে পড়েছেন হাজার হাজার যাত্রী। 

রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আব্দুল করিম সাংবাদিকদের বলেন, ঢাকা-রাজশাহী পথের প্রতিটি ট্রেন ৫-৬ ঘণ্টা দেরিতে ছাড়ছে। সূচি বিপর্যয়ের কারণে যাত্রীরাও ভোগান্তির মুখে পড়েছেন।

মঙ্গলবার সকালের ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনটির যাত্রা বাতিল করতে হয়েছে। আর সিল্কসিটি সাড়ে তিন ঘণ্টা দেরিতে বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী ছেড়ে গেছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার বলেন, ট্রেন চলাচলের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে চেষ্টা চলছে। আশা করছি, আজকের মধ্যে সিডিউল ঠিক হয়েছে যাবে। কাল থেকে যথাসময়ে ট্রেন চলাচল করবে।

তিনি বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বিমানবন্দর স্টেশনের আউটারে সিরাজগঞ্জ এক্সপ্রেসের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। তখন থেকেই সিডিউল বিপর্যয় শুরু হয়।

এ ছাড়া মঙ্গলবার সকালে সিল্কসিটি এক্সপ্রেস ছাড়ার সময় বগির চাকা অকেজো হয়ে পড়ে। সেটি মেরামত করে ট্রেন ছাড়তে প্রায় সাড়ে ৩ ঘণ্টা সময় লাগে।

রাতে ঝড়ের সময় পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী আসছিল। মৌচাক ও টাঙ্গাইলের মির্জাপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি অংশে ট্রেনের ইঞ্জিনের সামনে একটি তেঁতুল গাছ ভেঙে পড়ে। এতে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। 

পরে ঢাকা থেকে প্রকৌশলী এসে ইঞ্জিন ঠিক করে এবং লাইন থেকে গাছ সরিয়ে ট্রেন চালু করতে সকাল হয়ে যায়। মূলত এসব কারণেই এই সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।

ট্রেনের সূচি বিপর্যয়ের প্রভাব অন্য কোনো জোনে পড়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, "এই রোডের সবগুলো ট্রেনই বিলম্বে ছাড়ছে, আশা করি অল্প সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে।

“মূলত রাজশাহী রুটেই সূচি বিপর্যয় হচ্ছে, এ ছাড়া কিছু কিছু স্থানে সমস্যা যেটা হয়েছিল তা এরই মধ্যে ঠিক হয়ে গেছে।"