দুই প্রার্থীর সমান ভোট, ফয়সালা লটারিতে
সদস্য পদের দুই প্রার্থী সমানসংখ্যক ৫১ ভোট পেয়েছিলেন
কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ভৈরব উপজেলায় দুই সদস্য প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় বিধি মোতাবেক লটারির মাধ্যমে একজনকে জয়ী ঘোষণা করা হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে লটারির মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়। এতে জেলার ১২ নম্বর সাধারণ ওয়ার্ড (ভৈরবে) মো. জাকির হোসেন বিজয়ী হন।
সোমবার অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে এই ওয়ার্ডের কাইসার আহম্মেদ ভূঁইয়া ঘুড়ি প্রতীকে এবং মো. জাকির হোসেন তালা প্রতীকে সমান সংখ্যক ৫১ ভোট পেয়েছিলেন। তাই জেলা পরিষদ বিধি মোতাবেক লটারিতে জয়-পরাজয় নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার লটারির সময় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন।
সোমবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভৈরব উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় নির্বাচনের ভোট হয়। এতে ১১১ জন ভোটারের মধ্যে ভোট দেন ১০৮ জন।
