মাদক মামলার তদন্তে নেমে পুলিশ পেল নিখোঁজ ব্যক্তির দেহাবশেষ
মাদক কারবারিদের বিষয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেপ্তার যুবক লাশ পুঁতে রাখার তথ্য দেন বলে দাবি পুলিশের।
গাজীপুরে মাদক মামলার তদন্তে নেমে নিখোঁজ এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সোমবার বিকালে মহানগরের কড্ডায় এই অভিযান চালানো হয় বলে গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু তোরাব মোহাম্মদ সামছুর রহমান জানান।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া দেহাবশেষটি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নুরু বক্তার ছেলে মো. মিনারুলের (৪১), যিনি প্রায় দুই বছর আগে নিখোঁজ হয়েছিলেন।
মাদকসহ নয় মামলায় গ্রেপ্তার মো. আলমের দেওয়া তথ্যে তাকে সঙ্গে নিয়ে ওই এলাকায় অভিযান চালান বাসন থানার এসআই দিপঙ্কর রায়।
আসামিকে জিজ্ঞাসাবাদের বরাতে দিপঙ্কর জানান, লাশ পুঁতে রাখার সময় এখানে কোনো ঘর ছিল না। বিষয়টি না জানা বাড়ির মালিক পরে এখানে একটি ঘর তোলেন। অভিযানে আলমের দেখানো ঘরটির মেঝে খুঁড়ে দেহাবশেষটি উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা আবু তোরাব জানান, মিনারুল সপরিবারে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
আবু তোরাব বলেন, গত ২২ অক্টোবর দুই হাজার ৭০০ ইয়াবাসহ নয় মাদক মামলার আসামি মো. আলমকে কড্ডা খোয়ারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মাদক কারবারিদের বিষয়ে জিজ্ঞাসাবাদে আলম জানান, মাদক ব্যবসার টাকা ভাগাভাগি ও একটি হত্যা মামলার বিষয়ে ২০২০ সালের ৩০ ডিসেম্বর রাতে নান্দুন কড্ডার মোল্লাবাড়ির স্থানীয় আবুল হালিমের ভাড়া বাড়িতে মিনারুলের সঙ্গে মাদক কারবারিদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
“এ সময় আলমসহ ৪/৫ জন লোহার রড দিয়ে উপর্যপুরি আঘাত করলে মিনারুল ঘটনাস্থলেই মারা যান। পরে তার মৃতদেহ বাড়ির উঠানে মাটির নিচে পুঁতে ফেলা হয়।”
১০ দিনেও মিনারুলের কোনো খোঁজ না পেতে তার স্ত্রী মৌসুমী ২০২১ সালের ৯ জানুয়ারি কোনাবাড়ি থানায় সাধারণ ডায়েরি এবং র্যাবের কাছে অভিযোগ করেন বলে পুলিশ কর্মকর্তা আবু তোরাব জানান।
তিনি আরো বলেন, আলমের দেওয়া তথ্যে উদ্ধার দেহাবশেষের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
