০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জে মাদক সেবনের ভিডিও ছড়ানোর পর এনসিপি নেতা বহিষ্কার

বহিষ্কৃত নাজমুল ঠাকুর ইটনা উপজেলা কমিটির আহ্বায়ক ছিলেন।

কিশোরগঞ্জে মাদক সেবনের ভিডিও ছড়ানোর পর এনসিপি নেতা বহিষ্কার

মো. নাজমুল ঠাকুর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Oct 2026, 09:31 PM

Updated : 01 Oct 2026, 09:31 PM

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কিশোরগঞ্জের ইটনা উপজেলা কমিটির আহ্বায়ক মো. নাজমুল ঠাকুরের মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর পর তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার এনসিপির কিশোরগঞ্জ জেলা কমিটির দপ্তর সম্পাদক রাতুল নাহিদ ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাজমুল ঠাকুরের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে।

এ কারণে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী তাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযোগের গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারের পরামর্শে এবং জেলা আহ্বায়ক শেখ খায়রুল কবিরের নির্দেশে নাজমুলের বিরুদ্ধে সাংগঠনিক এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এনসিপির জেলা আহ্বায়ক শেখ খায়রুল কবির বলেন, নাজমুলের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি দলের নজরে আসার পর যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংগঠনের নীতি ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় বলে জানান এই এনসিপি নেতা।