টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানকে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৪
২০১৩ সালের ২০ ডিসেম্বর ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছেন এপিপি।
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হোসেন হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ মো. ফয়সাল আল মামুন তিনি আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) মোহাম্মদ সাইদুর রহমান স্বপন।
মৃত্যুদণ্ড পাওয়াদের মধ্যে আছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পা।
২০১৩ সালের ২০ ডিসেম্বর ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছেন এপিপি স্বপন।
এপিপি সাইদুর রহমান স্বপন বলেন, রফিকুল ইসলাম শহরে আকুরটাকুর পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ২০১৩ সালের ২০ ডিসেম্বর সকাল সাড়ে ৬টার দিকে তিনি হাঁটতে বের হন। শহরের আকুরটাকুর বটতলা বাজার এলাকায় পৌঁছালে একদল লোক তার ওপর আক্রমণ করেন।
হামলাকারীরা রফিকুলকে গুলি ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
তিনি বলেন, ঘটনার পরদিন রফিকুলের ছোট ভাই লাভলু মিয়া বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। মামলাটি প্রথমে সদর থানার পুলিশ তদন্ত শুরু করে। পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা পুলিশকে।
সাক্ষ্য গ্রহণ শেষ তিন আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা এবং চারজনকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও এক বছর করে বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান এপিপি স্বপন।
