রাবিতে নির্যাতনের পর পরীক্ষা রেখেই বাড়িতে, অভিযোগ পাঠালেন কুরিয়ারে
জীবন বাঁচাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অসম্পূর্ণ রেখে শরীয়তপুরে চলে যান বলে অভিযোগপত্রে জানান আল-আমিন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হলের কক্ষে নিয়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে নির্যাতনের পর তার ডেবিট কার্ড থেকে ৪৫ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
গত ১৭ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার বিকেলে প্রক্টর অধ্যাপক আসাবুল হকের কাছে কুরিয়ারে পাঠানো এক অভিযোগপত্রে উল্লেখ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, “গতকাল (বৃহস্পতিবার) বিকেলে কুরিয়ারের মাধ্যমে একটি অভিযোগ পেয়েছি। এ ঘটনায় সেদিন সন্ধ্যাতেই একটি তদন্ত কমিটি করা হয়েছে। দ্রুতই এ ঘটনার সুষ্ঠু বিচার করা হবে।”
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সুরঞ্জিত প্রসাদ বৃত্ত ও মতিহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহার বিরুদ্ধে এই অভিযোগ এসেছে।
এর মধ্যে ভাস্কর সাহার বিরুদ্ধে আরেক শিক্ষার্থীকে নির্যাতন ও টাকা কেড়ে নেওয়ার অভিযোগে প্রশাসনের তদন্ত চলছে।
ভুক্তভোগী মো. আল-আমিন বিশ্ববিদ্যালয়ের তথ্য ও হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি শরীয়তপুর সদর উপজেলায়।
বর্তমানে তার চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা চলছে। কিন্তু প্রাণনাশের ভয়ে পরীক্ষা অসম্পূর্ণ রেখেই গত ১৭ অগাস্ট রাতে ক্যাম্পাস ছেড়ে শরীয়তপুর চলে গেছেন বলে জানান এ শিক্ষার্থী।
লিখিত অভিযোগে তিনি বলেন, গত ১৭ আগস্ট পরীক্ষা শেষে বিকেল সাড়ে ৪টায় বের হওয়ার পর পরই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সুরঞ্জিত প্রসাদ বৃত্ত ও মতিহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহা তাকে বঙ্গবন্ধু হলের ৩৩১ নম্বর কক্ষে নিয়ে যান।
কিছুক্ষণ পর সেখানে মুমিনুর রহমান, ফয়সাল আহমেদ ওরফে শশী, তাকি আহমেদসহ অনেকে আসেন। পরে মুমিনুরের সঙ্গে আসা লোকজন তাকে প্রচুর মারধর করে। মুমিনুর তার মাথায় দুই লিটারের পানির বোতল ও লাঠি দিয়ে আঘাত করেন। একপর্যায়ে তিনি বেহুশ হয়ে যান।
এ সময় তার মোবাইল ফোন থেকে তারা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়। জ্ঞান ফেরার পর রাত ৮টার দিকে জোরপূর্বক তার ডেবিট কার্ড নিয়ে গিয়ে ৪৫ হাজার টাকা তোলেন সুরঞ্জিত প্রসাদ বৃত্ত ও ভাস্কর সাহা।
তিনি আরও জানান, এরপর মুমিনুর ও তার অনুসারীরা তাকে প্রাণনাশের হুমকি দেন। তাই তিনি জীবন বাঁচানোর জন্য তারা যা বলেছে, তাই করেছেন। জোরপূর্বক তারা মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য করেন এবং সেটির ভিডিও ধারণ করেছেন। এ ছাড়া ভয় দেখিয়ে তারা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে। কিন্তু ওই হলে অন্য একটি ঘটনায় সাংবাদিক, পুলিশ ও অন্যরা এলে রাত ৯টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
সেই রাতেই তিনি জীবন বাঁচাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অসম্পূর্ণ রেখে শরীয়তপুরে চলে যান বলে অভিযোগপত্রে জানান আল-আমিন।
আল-আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মারধরের সময় ওরা আমার কাছ থেকে পরীক্ষার প্রবেশপত্র নিয়ে গিয়েছে। মুমিনুর রহমানের সহযোগী সাজ্জাদ হোসেন খোকন ও সাগর আমাকে বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়ে আসছে। ফলে রাজশাহীতে আসতে সাহস পাচ্ছি না। তাই কুরিয়ারের মাধ্যমে অভিযোগ পাঠিয়েছি। আমি এ ঘটনার দ্রুত সুষ্ঠু বিচার চাই।”
সহপাঠীরা জানান, মার্কেটিং বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মুমিনুর রহমান, ফয়সাল আহমেদ শশী ও তাকি আহমেদের সঙ্গে ফ্রিল্যান্সিং ‘ডিজিটাল মার্কেটিং’-এর কাজ করতেন আল-আমিন। কিন্তু মনোমালিন্য হওয়ায় বছরখানেক আগে কাজ ছেড়ে দিয়েছিলেন তিনি।
অভিযোগের বিষয়ে মুমিনুর রহমান বলেন, “আল-আমিনসহ আরও কয়েকজনকে আমি চাকরি দিয়েছিলাম। প্রতি মাসে তাকে দেড় লক্ষ টাকা বেতন দিতাম। সে এক-দেড় বছর চাকরি করার পর বিসিএস পরীক্ষা দেওয়ার কথা বলে চলে যায়।”
“কিন্তু তারা কয়েকজন গিয়ে আরেকটি কোম্পানি চালু করে আমার কোম্পানির ক্লায়েন্টদের নিয়ে নেন। এ বিষয়টি নিয়ে তার বন্ধুদের সামনে কথা বলার জন্য তাকে ডেকেছিলাম। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু ভাইয়ের সামনে আল-আমিন আমাকে সরিও বলেছে। কিন্তু তাকে আমি কোনো ধরনের মারধর করিনি।”
টাকা হাতিয়ে নেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, “যেখানে আমিই তাকে প্রতি মাসে বেতন দিতাম। এখনও অনেককে দিই, সেখানে এই অল্প পরিমাণ টাকা নিয়ে আমি কী করব?”
অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সুরঞ্জিত প্রসাদ বৃত্তকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মতিহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহা বলেন, “এটা সত্য যে, সেদিন মুমিনুর ও আল-আমিনের মধ্যে ব্যবসায়িক একটি বিষয়ে আলোচনার সময় আমরা কয়েকজন উপস্থিত ছিলাম। কিন্তু ওকে কোনো ধরনের মারধরও করা হয়নি এমনকি টাকাও কেড়ে নেওয়া হয়নি।
তিনি বলেন, “এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। নিশ্চয়ই আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে।”
বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রনু বলেন, “আমি ওইদিন সন্ধ্যায় টুকিটাকি চত্বরে মুমিনুর ও আল-আমিনদের সাথে বসেছিলাম ব্যাপারটি নিয়ে। আল-আমিন, মুমিনুরের কাজের জায়গা থেকে বের হয়ে নতুন করে নিজের মতো করে একটা প্রতিষ্ঠান খুলেছিলো। সেজন্য মুমিনুরের অনেক ক্ষতি হয়েছিলো, যেটা সেদিন স্বীকার করে ক্ষমাও চেয়েছিলো আল-আমিন।”
তিনি আরও বলেন, “এতোদিন পরে কেন সে এ জাতীয় অভিযোগ দিলো। আমার মনে হয়, বিষয়টি উদ্দেশ্যপ্রণেদিত এবং বানোয়াট। তবে যেহেতু তদন্ত কমিটি হয়েছে তাই এ বিষয়ে কোনো সত্যতা পেলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন
