চুয়াডাঙ্গায় ড্রেনের পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাড়ির পাশের একটি ড্রেনে পড়ে মারা গেছে শিশুটি।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা কলেজ পাড়া এলাকায় পৌরসভার ড্রেনের পানিতে ডুবে মারা গেছে একটি শিশু।
শিশুটির নাম সামিয়া আক্তার আয়েশা (৪)। সে ওই এলাকার কলেজপাড়ার রোকন আলীর মেয়ে।
বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে আলমডাঙ্গা থানার এসআই আশিকুল হক জানিয়েছেন।
তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে সামিয়া বাড়ি থেকে নিখোঁজ হলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। রাত ৯টার দিকে বাড়ির পাশের ড্রেন থেকে সামিয়াকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, পরিবারের আবেদনে শিশুটির লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটা অপমৃত্যু মামলা হয়েছে।
