কুষ্টিয়ায় তরুণীকে ধর্ষণ-হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন
২০১২ সালের ২ জুলাই নিখোঁজ হন এই তরুণী। পরে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় তরুণীকে ধর্ষণ-হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।
এছাড়া তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা না দিলে তাদের আরও এক বছর সাজার আদেশ দেয় আদালত।
কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম বুধবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মিরপুর উপজেলার খয়েরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে শাহাবুদ্দিন আহমেদ মঞ্জু (৪০), আবুল মণ্ডলের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৬) ও হাশেম আলীর ছেলে মো. আশরাফুল আলম (৪৩)।
আদালতের পিপি অনুপকুমার নন্দী মামলার মামলার নথির বরাতে জানান, ২০১২ সালের ২ জুলাই মিরপুর উপজেলার কুড়িপোল গ্রামের এক তরুণী খালাবাড়ি থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। পরদিন উপজেলার চিথলিয়া গ্রাম থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় তার বাবা তিনজনের নামোল্লেখসহ মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি মিরপুর থানার পরিদর্শক মো. আকতারুজ্জামান তিন আসামিসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন আদালতে।
পিপি বলেন, বিচার শেষে আদালত তিনজনকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করে এই সাজা দিল। বাকি নয়জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছে আদালত।
