তিন যানের সংঘর্ষ, প্রাণ হারালো ২ মোটরসাইকেল আরোহী
তাদের আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জে ট্রাক, মাইক্রোবাস ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় মারা গেছে মোটর সাইকেলের দুই যুবক।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই মো. সিরাজুল ইসলাম জানান, উপজেলার গোপালপুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে বুধবার গভীর রাতে এ দুর্ঘটনায় আহত হয়েছেন একজন।
মৃতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের রওশন মোল্লার ছেলে মফিজ মোল্লা (২২) ও রায়দুল মোল্লার ছেলে মারুফ মোল্লা (১৮)।
এসআই সিরাজুল বলেন, “মোটর সাইকেলে করে তিন আরোহী কাশিয়ানী থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে ট্রাক ও মাইক্রোবাসের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে মোটর সাইকেলের তিন আরোহী আহত হয়। তাদের গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মফিজ ও মারুফকে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।”
দুর্ঘটনার পরপরই ট্রাক ও মাইক্রোবাসটি পালিয়ে যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
