Published : 17 Sep 2026, 05:00 PM
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১১ শিক্ষার্থী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
তাদের মধ্যে তিনজনকে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতাল এবং আটজনকে সকালে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র দেওয়া হয় বলে জানিয়েছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা: আনোয়ার হোসেন।
এর আগে বুধবার দুপুরে বিদ্যালয়টির নয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বিকালে আরও দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
হাতিয়ার এই বিদ্যালয়টি থেকে গত ১০ দিনে ৪৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
এর মধ্যে ৭ সেপ্টেম্বর ১৬ জন এবং ১৪ সেপ্টেম্বর ২১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়। বুধবার দুই দফায় ১১ জন অসুস্থ হয়।
এ বিষয়ে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন বলেন, একই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বার বার অসুস্থ হয়ে পড়ার কারণ নিশ্চিত হওয়ার জন্য জেলা স্বাস্থ্য বিভাগ থেকে পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
“কমিটির সদস্যগণ সরজেমিনে ঘটনাস্থল পরিদর্শন এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবেন।”
এর আগে বুধবারও হাতিয়া উপজেলা প্রশাসন এ ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছিল।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তবে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার কারণ নিয়ে কৃষি বিভাগের পর্যবেক্ষণে ভিন্ন তথ্য পাওয়া গেছে। ৭ সেপ্টেম্বরের ঘটনার পর কৃষি বিভাগের তদন্তে বলা হয়েছিল, বিদ্যালয়ের পাশের জমিতে কীটনাশক ব্যবহারের কারণে বাতাসে গন্ধ ছড়িয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে থাকতে পারে।
তবে সিভিল সার্জন বলেন, স্বাস্থ্য বিভাগের প্রাথমিক ধারণা, শিক্ষার্থীরা ‘ম্যাস হিস্টিরিয়া’র কারণে অসুস্থ হয়ে পড়ছে। সোমবার নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া এক শিক্ষার্থীর বিভিন্ন পরীক্ষা করেও অসুস্থতার অন্য কোনো কারণ পাওয়া যায়নি।
আগের সংবাদ
নোয়াখালীর সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ,এক সপ্তাহে হাসপাতালে ৪৬
নোয়াখালীর সেই স্কুলে আবারও ২১ শিক্ষার্থী অসুস্থ,হাসপাতালে
নোয়াখালীর স্কুলে হঠাৎ অসুস্থ ১৩ শিক্ষার্থী হাসপাতালে, ‘কারণ নিশ্চিত নয়’
নোয়াখালীর সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ, এক সপ্তাহে হাসপাতালে ৪৬
নোয়াখালীর সেই স্কুলে আবারও ২১ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে
নোয়াখালীর স্কুলে হঠাৎ অসুস্থ ১৩ শিক্ষার্থী হাসপাতালে, ‘কারণ নিশ্চিত নয়’