নোয়াখালীর সেই স্কুলে আবারও ২১ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে
এক সপ্তাহের ব্যবধানে একই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে আবারও অসুস্থ হয়েছে ২১ শিক্ষার্থী।
সোমবার দুপুরে হঠাৎ শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানিয়েছেন হাতিয়া থানার ওসি কবির হোসেন।
তিনি বলেন, “অসুস্থদের মধ্যে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”
এর আগে ৭ সেপ্টেম্বর একই বিদ্যালয়ে একটি কক্ষে হঠাৎ ‘ঝাঁজালো গন্ধে’ ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, সকাল ১০টার দিকে বিদ্যালয়ে পাঠদান শুরু হয়। এর প্রায় এক ঘণ্টা পর নবম শ্রেণির দুই ছাত্রী হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে অন্যান্য শ্রেণিকক্ষের আরও কয়েকজন একইভাবে অসুস্থ হতে থাকে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের হাসপাতালে নেওয়া হয়।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রবিউল ইসলাম নিলয় বলেন, দুপুর ২টা পর্যন্ত ২১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের সঙ্গে আসা এক অভিভাবক এবং হাসপাতালের এক কর্মচারীও হঠাৎ অসুস্থ বোধ করেছেন।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, সব শিক্ষার্থী আপাতত আশঙ্কামুক্ত রয়েছে। শ্রেণিকক্ষে কোনো ঝাঁজালো গন্ধের কথা বলা হলেও অসুস্থতার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন:
