Published : 07 Sep 2026, 11:40 PM
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৮ শিক্ষার্থী। পরে তাদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার দুপুরে তমরদ্দি জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল জানান।
জোড়খালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিন বলেন, সকালে বিদ্যালয়ে নিয়মিত পাঠদান শুরু হয়। দুপুর ১২টার দিকে সপ্তম শ্রেণির দুজন ছাত্রী হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদের বাড়িতে পাঠালে তারা সুস্থ হয়।
এর কিছুক্ষণ পর দশম শ্রেণির একজন এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির আরও ১৫ জন শিক্ষার্থী একইভাবে অসুস্থ হয়ে পড়ে বলে জানান তিনি।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রবিউল ইসলাম নিলয় বলেন, ভর্তি হওয়া শিক্ষার্থীদের স্যালাইন দেওয়া হয়েছে। অনেকেই সুস্থ হয়ে উঠেছে। দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। বাকিরাও রাতে চলে যেতে পারবে।
“তবে কী কারণে শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ হলো, তা নিশ্চিত হওয়া যায়নি।”
ইউএনও রাসেল ইকবাল বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের দেখতে গিয়েছি। কী কারণে তারা অসুস্থ হলো তা জানতে চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”