২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে অস্ত্রে নির্ভর করছে: রিজভী

বুধবার সন্ধ্যায় রিজভী মাগুরা জেনারেল হাসপাতালে জেলা বিএনপির নেতাদের দেখতে যান।

ঝিনাইদহ

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2022, 10:35 PM

Updated : 26 Oct 2022, 11:04 PM

আওয়ামী লীগের গণভিত্তি নেই মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারা জনগণের সমর্থন থেকে সরে গেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য অস্ত্রের উপর নির্ভর করছে, সন্ত্রাস করছে।

বুধবার বিকালে ঝিনাইদহে সাংবাদিকদের তিনি বলেন, “জনদাবির পক্ষে মানুষ। তত্ত্বাবধায়ক সরকারে পক্ষে মানুষ।  নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানুষ।”

রিজভী ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ, সাধাররণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, আকতারুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ঝিনাইদহ থেকে রিজভী মাগুরা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতাদের দেখতে যান।

সন্ধ্যায় তিনি মাগুরা হাসপাতালে ভর্তি জেলা বিএনপির সদস্য বিল্লাহ হোসেন, জেলা ছাত্রদল সদস্য ইউনুস আলীকে দেখতে যান।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, “জনসমর্থন না থাকায় সরকার এখন সন্ত্রাসী বাহিনী দিয়ে দেশ চালাচ্ছে। এই সন্ত্রাসী বাহিনী ২২শে অক্টোবরে খুলনায় অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশে যোগদানকারী বিভিন্ন জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। কিন্ত এই হামলা এ সব নেতাকর্মীদের দমাতে পারেনি।”

তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা সরকারি পরিবহন ধর্মঘট উপেক্ষা করে ছোট ছোট বিভিন্ন যানবাহন ও নৌযানে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন। এই সমাবেশ প্রমাণ করেছে জনগণ বিএনপির চেয়ারপারর্সন খালেদা জিয়ার মুক্তির পক্ষে। তত্ত্বাবধায়ক সরকরের পক্ষে। পাশাপাশি সরকারের দুর্নীতি লুটপাট ও সন্ত্রাসী অপতৎপরতার বিপক্ষে।”

এ সময় মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ, সদস্য সচিব আখতার হোসেন, সাবেক পৌর মেয়র ইকবাল আখতার কাফুর, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুকুজ্জামান ফারুক, আলমগীর হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, “সমাবেশ করার অধিকার সংবিধান আমাদের দিয়েছে। এটি কোনো বেআইনি কাজ না। সরকার তার পুলিশ ও পেটোয়া বাহিনী দিয়ে খুলনা বিভাগের বিভিন্ন জেলার সমাবেশমুখী মানুষকে পথে পথে হামলা চালিয়ে আহত করেছে।”