Published : 29 Jun 2023, 12:29 AM
কুড়িগ্রামে কোরবানির ঈদ উপলক্ষ্যে দুস্থদের জন্য বরাদ্দ ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন নেতার বিরুদ্ধে।
এই অভিযোগ তুলে আরেক নেতা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
পদত্যাগের ঘোষণা দেওয়া আরিফুল ইসলাম কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এ বিষয়ে আরিফুল ইসলামের একটি ভিডিও ফোইসবুকে ছড়িয়ে পড়েছে।
আরিফুল ইসলামের অভিযোগ, ঈদ উপলক্ষ্যে থেতরাই ইউনিয়নে হতদরিদ্রদের জন্য ৫,৬০০ পরিবারের জন্য ১০ কেজি করে ৫৬ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়। এরমধ্যে পাঁচ মেট্রিক টন বিতরণের দায়িত্ব দেওয়া হয় আওয়ামী লীগ নেতাকর্মীদের।
কিন্তু তারা এসব চাল বিতরণ না করে বিক্রি করে দেন বলে অভিযোগ তোলেন আরিফুল ইসলাম।
ভিডিওতে আরিফুলকে বলতে শোনা যায়, “আমি থেতরাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ঈদে ভিজিএফের চাল দলীয় নেতাকর্মীদের নামে বরাদ্দ ছিল, কিন্তু ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক একটি স্লিপও বিতরণ করেননি, সব বিক্রি করে দিয়েছেন।
“যে দলের নেতারা গরিবের চাল বিক্রি করে খায় সেই দল আমি করব না।”
ভিডিওতে তার দল থেকে পদত্যাগেরও ঘোষণা দিতে দেখা যায়।
আরিফুল ইসলাম আরও বলেন, “ইউনিয়ন পরিষদ থেকে ৯ ওয়ার্ডে আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য ৫০০ স্লিপ দেওয়া হয়; কিন্তু আমাকে দেওয়া হয় মাত্র পাঁচটি।”
তবে ভিডিওতে পদত্যাগের ঘোষণা দিলেও তিনি পদত্যাগ করবেন না বলে পরে সাংবাদিকদের জানান।
থেতরাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চাহিদা মতো স্লিপ না পাওয়ায় এমন অভিযোগ তুলেছেন।
এ বিষয়ে থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন, “বিতরণের জন্য ইউনিয়ন আওয়ামী লীগকে ৫০০ স্লিপ (পাঁচ টন) দেওয়া হয়। শুনছি তারা বিতরণ না করে বিক্রি করে দিয়েছেন।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌল্লা বলেন, “দলের নামে বরাদ্দ নেই, বরাদ্দ দেওয়া হয় পরিষদে। চেয়ারম্যান যদি কাউকে কিছু দেয় সেখানে আমাদের বলার কিছু থাকে না।”
উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু বলেন, “বিষয়টি আমার জানা নেই। অনিয়ম হলে অভিযোগ করুক, তা না করে একজন প্রকৃত আওয়ামী লীগ করা ব্যক্তি কখনোই দল থেকে পদত্যাগের ঘোষণা দিতে পারে না।”
এর পিছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে উল্লেখ করে তিনি বিষয়গুলো দলীয়ভাবে খতিয়ে দেখা হবে বলে জানান।