২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াসা গঠনের অনুমোদন পেল কুমিল্লা সিটি করপোরেশন

“প্রতিষ্ঠার পর কুমিল্লা নগরবাসীর নিরাপদ পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশনের সম্পূর্ণ বিষয়টি দেখবে ওয়াসা।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2023, 06:23 PM

Updated : 15 Aug 2023, 08:46 PM

পরিবেশবান্ধব ও টেকসই সুপেয় পানি সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে নগরীতে ওয়াসা গঠনের অনুমোদন পেয়েছে কুমিল্লা সিটি করপোরেশন।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াসা গঠনের অনুমোদন দেন বলে সোমবার জানান সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।

ওয়াসা গঠনের অনুমোদন পাওয়ায় আনন্দিত নগরবাসী।

খবরটি জানাতেই সোমবার রাতেই গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।

তিনি বলেন, “এটা কুমিল্লার মানুষের জন্য আনন্দের সংবাদ। ওয়াসার অনুমোদন দেওয়ায় আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। আরও ধন্যবাদ জানাই এলজিআরডি মন্ত্রী মো.তাজুল ইসলামের প্রতি। ওয়াসা অনুমোদন হওয়ায় কুমিল্লা আরেক ধাপ এগিয়ে গেল।”

এসময় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত বলেন, “ওয়াসা কুমিল্লার মানুষের কত উপকার করবে তা এটি গঠনের পরই সবাই বুঝতে পারবে। প্রতিষ্ঠার পর কুমিল্লা নগরবাসীর নিরাপদ পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশনের সম্পূর্ণ বিষয়টি দেখবে ওয়াসা।”

এর আগে গত ২২ অগাস্ট কুমিল্লা টাউন হল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছিলেন শিগগিরই ওয়াসা অনুমোদনের সুখবর পাবে কুমিল্লার মানুষ।

সেই ঘোষণার ২৫ দিনের মাথায় বহুল প্রত্যাশিত সুখবরটি পেল কুমিল্লা নগরবাসী।