২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খেলতে গিয়ে’ গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

শামিউল বাড়িতে ঝুলন্ত একটি দড়ি গলায় জড়িয়ে খেলছিল; হঠাৎ দড়িটি তার গলায় আটকে যায়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2022, 07:51 PM

Updated : 24 Jul 2022, 07:55 PM

চুয়াডাঙ্গা সদরে গলায় ফাঁস লেগে এক শিশুর প্রাণহানি হয়েছে; যে ঝুলন্ত একটি দড়ি গলায় জড়িয়ে খেলছিল বলে পুলিশের ভাষ্য।

রোববার দুপুরে মোহাম্মদজুমা গ্রামে এ ঘটনা ঘটে বলে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহব্বুর রহমান জানান।

নিহত সাইদুল ইসলাম শামিউল (১০) মোহাম্মদজুমা গ্রামের কৃষক খোরশেদ মন্ডলের ছেলে।

পরিবারের বরাতে ওসি মাহব্বুর রহমান জানান, বেলা ১২টার দিকে শামিউল নিজেদের বাড়িতে ঝুলন্ত একটি দড়ি গলায় জড়িয়ে খেলছিল। এ সময় দড়িটি তার গলায় আটকে যায়।

“গলায় ফাঁস লেগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে এক প্রতিবেশী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ওসি জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া নিয়মতান্ত্রিক পদ্ধতিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।